তেজগাঁও ট্রাকস্ট্যান্ড খালি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ে বিশাল এলাকা দখল করে গড়ে তোলা হয়েছে কাভার্ড ভ্যান ও ট্রাকস্ট্যান্ড l ছবি: প্রথম আলো
রাজধানীর তেজগাঁওয়ে বিশাল এলাকা দখল করে গড়ে তোলা হয়েছে কাভার্ড ভ্যান ও ট্রাকস্ট্যান্ড l ছবি: প্রথম আলো

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড দখলমুক্ত করতে ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। নির্ধারিত সময় শেষে গতকাল রোববার সকালে তিনি এসে দেখলেন, কেউ সরেনি। সবকিছু আগের মতোই আছে। এরপর আবারও ২৭ নভেম্বর পর্যন্ত ট্রাক-কাভার্ড ভ্যান সরানোর জন্য মালিকদের সময় বেঁধে দেন মেয়র। তবে এ সময়ের মধ্যেও এই সড়ক দখলমুক্ত হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই।  
১ নভেম্বর রেলপথমন্ত্রী মুজিবুল হক ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছিলেন মেয়র। তখন তিনি বলেছিলেন, ৭ নভেম্বরের মধ্যে তেজগাঁওয়ে রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা না সরালে ৮ নভেম্বর সেগুলো উচ্ছেদ করা হবে। ৮ তারিখ থেকে তেজগাঁওয়ের কোনোখানে কোনো ট্রাক দিনে-রাতে দাঁড়াবে না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।
গতকাল বেলা ১১টায় মেয়র ও সিটি করপোরেশনের লোকজন পূর্বঘোষিত উচ্ছেদ অভিযানে আসেন। মেয়র তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে এসে দেখতে পান, আগে যে অবস্থা ছিল, এখনো তা-ই আছে। সড়কে ট্রাক দাঁড়ানো, কোনো অবৈধ স্থাপনাও সরেনি।
সড়ক থেকে ট্রাক কেন সরল না—মেয়রের এমন প্রশ্নের জবাবে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা তাঁকে জানিয়েছেন, এত স্বল্প সময়ের মধ্যে সব ট্রাক সরানো সম্ভব নয়। তাঁরা মেয়রের কাছে এক মাস সময় চান। মালিক সমিতি নিজেরা সড়ক থেকে ট্রাক সরিয়ে নেবে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে মেয়র ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন।
গতকাল তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড চলে গেছে অবৈধ দোকানপাট, পুরোনো ও বিকল ট্রাকের দখলে। তাই সারি সারি ট্রাক-কাভার্ড ভ্যান রাখা হচ্ছে সড়কের দুই পাশজুড়ে। ফলে সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত যানজট লেগেই থাকে।

ঢাকা উত্তর সিটি উত্তর করপোরেশন গতকাল তেজগাঁও ট্রাক​স্ট্যান্ডে নামমাত্র উচ্ছেদ অভিযান চালায় l প্রথম আলো
ঢাকা উত্তর সিটি উত্তর করপোরেশন গতকাল তেজগাঁও ট্রাক​স্ট্যান্ডে নামমাত্র উচ্ছেদ অভিযান চালায় l প্রথম আলো


ট্রাকস্ট্যান্ডের ভেতরে পুরোনো অনেক ট্রাক পড়ে আছে। ট্রাকস্ট্যান্ডের ভেতরে গড়ে উঠেছে অর্ধশতাধিক মেরামত কারখানা। এসব দোকানের যন্ত্রাংশ, অব্যবহৃত ও বাতিল জিনিসপত্র পুরো স্ট্যান্ডকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। এখন সড়কের দুই পাশজুড়ে থাকছে সারি সারি ট্রাক।
ট্রাকস্ট্যান্ডের ভেতরে থাকা একাধিক দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায়, রেলের জমিতে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডের ভেতরে অর্ধশতাধিক কারখানা ও খুচরা যন্ত্রাংশ বিক্রির দোকান। ট্রাক মেরামতের পাশাপাশি কিছু খাবারদাবারের দোকানও গড়ে উঠেছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা নিয়ে তাঁরা শঙ্কা প্রকাশ করেন।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান প্রথম আলোকেবলেন, ট্রাক টার্মিনালের ভেতরে অনেক জায়গা অবৈধ দখলে আছে। সেখানে ৭ থেকে ১০ বছরের বেশি সময় ধরে ৮০-১০০টি পুরোনো ট্রাক পড়ে আছে। সেগুলো সরিয়ে সড়কে থাকা সব ট্রাক টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হবে। সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়কের দুই পাশে কোনো ট্রাক থাকবে না।
পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল ইসলামের নেতৃত্বে ট্রাকস্ট্যান্ডের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।