রাজধানীর তেজগাঁও বিমানবন্দরকে হেলিপ্যাড হিসেবে ঘোষণা করে সংশ্লিষ্ট এলাকায় ভবন নির্মাণে যেসব বিধিনিষেধ রয়েছে, তা তুলে নেওয়ার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য আসাদুজ্জামান খান প্রথম আলোকে জানান, বর্তমানে তেজগাঁও বিমানবন্দরে কোনো ধরনের উড়োজাহাজ ওঠানামা করে না। উড়োজাহাজ ওঠানামা করার মতো অবকাঠামোও সেখানে নেই। এখানে মাঝেমধ্যে কিছু হেলিকপ্টার ওঠানামা করে। অথচ সরকারিভাবে এটি এখনো বিমানবন্দর। যে কারণে তেজগাঁও এবং গুলশান এলাকায় উড়োজাহাজের উড্ডয়ন পথে ছয়তলার বেশি উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সূত্র জানায়, সংসদীয় কমিটি এসব এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারের বিধিনিষেধ প্রত্যাহার করে স্বাভাবিক উচ্চতায় ভবন নির্মাণে অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। সেই সঙ্গে বিমানবন্দরকে হেলিপ্যাড হিসেবে ঘোষণা করারও সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইওভারের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য কুড়িল রেললাইনের পাশে অবস্থিত সিএনজি স্টেশনের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের জন্য রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, নসরুল হামিদ ও এনামুল হক উপস্থিত ছিলেন।