তেজগাঁওয়ে এক কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় একটি কারখানাকে গতকাল মঙ্গলবার ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দূষিত তরল বর্জ্য ফেলে বালু নদ দূষণের অপরাধে পদ্মা পলিকটন নিট ফেব্রিকস লিমিটেড নামের ওই কারখানার মালিককে এই জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কারখানার বর্জ্য পরিশোধনযন্ত্রের (ইটিপি) পাইপলাইন থেকে দূষিত পানি নির্গত হচ্ছে। এই দূষিত পানি স্যুয়ারেজের মাধ্যমে রামপুরা খাল হয়ে বালু নদে পড়ছে, যা নদীর পানি, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক পারভিন সুলতানাকে ১০ লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে বর্জ্য শোধনাগার ত্রুটিমুক্ত করার নির্দেশ দেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।