তেজগাঁওয়ে কারখানার বিষাক্ত গ্যাসে ২২ জন অসুস্থ
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গতকাল বুধবার সুতা রং করার একটি কারখানার ধোঁয়া নির্গমননল ফুটো হয়ে নিঃসরিত বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন ২২ জন। এঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অসুস্থ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যায় তাঁরা প্রায় সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়ার ছয়তলা ভবনের নিচতলায় ‘মা ট্রেডার্স’ নামে সুতা রং করার একটি ছোট কারখানা রয়েছে। ভবনটিতে সব মিলিয়ে প্রায় আড়াই শ ছোট কক্ষ রয়েছে। এখানে নিম্ন আয়ের মানুষেরা থাকেন।কারখানাটিতে রং গলানোর জন্য বয়লারের মতো একটি যন্ত্র আছে। সেই যন্ত্রের বিষাক্ত ধোঁয়া বের হওয়ার পাইপটি বাইরের দিকে দেওয়া রয়েছে। গতকাল সকালে ওই পাইপটি ছিদ্র হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে কক্ষগুলোতে। এতে ঘিঞ্জি ভবনটির ২২ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। ঢাকা বোর্ডে আগুন: এদিকে গতকাল দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের ষষ্ঠ তলার একটি কক্ষে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বেলা পৌনে ১২টার দিকে আটতলা ভবনটির ষষ্ঠ তলায় সিলিং ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে কক্ষের মালামাল পুড়ে যায়। এক ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ হতাহত হননি। ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা।