তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তেজগাঁও নাখালপাড়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আবদুল হাকিম (৪৮)।
আবদুল হাকিম ১২ আনসার ব্যাটালিয়নের (শেরপুর, নালিতাবাড়ী) সদস্য। তাঁর বাড়ি ময়মনসিংহ সদরের দাপুনিয়া গ্রামে। আনসারের সহকারী প্লাটুন কমান্ডার এপিসি মুসলিম উদ্দিন বলেন, আবদুল হাকিম সংসদ ভবনে ডিউটি করতেন। রাতে তাঁর ডিউটি ছিল। ডিউটি শেষে সকালে নাখালপাড়া পুরোনো সংসদ ভবন এমপি হোস্টেল আনসার ব্যারাকে পোশাক পরিবর্তনের পর নাশতা করেন তিনি। এরপর মুঠোফোনে টাকা রিচার্জ করতে বাইরে গেলে দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, আবদুল হাকিমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
এ দুর্ঘটনা প্রসঙ্গে মুহাম্মদ পলাশ নামের এক পথচারী প্রথম আলোকে বলেন, আজ তেজগাঁও নাখালপাড়া ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় পড়ে যান আবদুল হাকিম। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।