তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. তানহা (২৭) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা পৌনে দুইটায় ভূমি অফিসের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তানহার সহকর্মী মো. জাহিদ প্রথম আলোকে বলেন, সাতরাস্তায় ভূমি অফিসের একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে রঙের কাজ চলছিল। অন্ধকার থাকায় হ্যালোজেন লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছিল। সেখানে একটি বৈদ্যুতিক তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তানহা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তানহার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। ওই নির্মাণাধীন ভবনে থেকেই কাজ করতেন তানহা।