তেজগাঁওয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে হোসেন মিয়া (২৪) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্র বলছে, জুয়া খেলাকে কেন্দ্র করে কে বা কারা হোসেন মিয়াকে পিটিয়েছে। তবে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, নাখালপাড়ার বাউলবাগ বস্তিতে মা-বাবার সঙ্গে থাকতেন হোসেন মিয়া। খবর পেয়ে গতকাল সকালে বাসার কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।এসআই জাহাঙ্গীর বলেন, হোসেনের শরীরে ফোলা জখম ও লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তেজকুনিপাড়ায় কে বা কারা তাঁকে পিটিয়ে হত্যা করে বাসার সামনে ফেলে রেখে গেছে। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। হোসেনের খালাতো বোন শাহীনুর বেগম প্রথম আলোকে বলেন, হোসেন মিয়া রিকশা চালিয়ে সংসার চালাতেন। গত শনিবার দুপুর ১২টায় তিনি বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। পরদিন স্থানীয় এক রিকশাচালক হোসেনের মৃতদেহ রিকশাযোগে বাসার কাছে ফেলে যায়। যাওয়ার সময় ওই রিকশাচালক বলে যান, তেজকুনিপাড়ায় হোসেনকে মেরে মারধরকারীরা রিকশায় তুলে দিয়েছে। শাহীনুর বেগম বলেন, তেজকুনিপাড়ায় গিয়ে জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে হোসেনকে কে বা কারা পিটিয়েছে।হোসেন মিয়ার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কাটারকান্দি গ্রামে। বাবার নাম আবদুল খালেক মিয়া।