তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর কোনো বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার জন্য তেল-গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর বিকল্প নেই। এ কাজে রাশিয়ার বিশ্বখ্যাত কোম্পানি গ্যাজপ্রম বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে। গ্যাজপ্রমের সহযোগিতায় জ্বালানি খাতে দেশের জনবলের দক্ষতা বাড়ানোও সম্ভব হবে।পেট্রোবাংলার সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রুশ কোম্পানি গ্যাজপ্রমের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের মিলনায়তনে দুই দিনের ওই সেমিনার শুরু হয়েছে।সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধে রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন) বাংলাদেশের পাশে ছিল দৃঢ়ভাবে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের বন্ধুত্ব কিছুটা শীতল হয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে আবার তা উষ্ণ হয়ে উঠেছে।উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশিত সংগীত ও নাটকের মাধ্যমে। রাশিয়ার একজন শিল্পীও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর।গ্যাজপ্রমের পরিচালক উপদেষ্টা এডোয়ার্ড এস শেভচেঙ্কো বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কাজে তাঁর দেশের আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পেট্রোলিয়াম ল্যাবরেটরির জন্য কিছু যন্ত্রপাতি হস্তান্তর করেন। এগুলো গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস ফ্যাকাল্টির ডিন এ এস এম মাকসুদ কামাল।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলয়েভ, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক ও গ্যাজপ্রমের উপপরিচালক সের্গেই এম করনোখব বক্তব্য দেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল অনুষ্ঠিত দুটি কারিগরি অধিবেশনে পাঁচটি প্রতিবেদন উপস্থান করা হয়। এর মধ্যে দুটি বাংলাদেশের। পেট্রোবাংলার সাবেক কর্মকর্তা মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম কারিগরি অধিবেশনে ‘বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার অর্জন ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মুহাম্মাদ ইমাদুদ্দীন আহম্মদ। তিনি বলেন, ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে মোট প্রায় ২৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস প্রয়োজন। এখন পর্যন্ত উত্তোলনযোগ্য গ্যাস আছে ১৫ টিসিএফ। তাই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর কোনো বিকল্প নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরূল ইমাম তাঁর উপস্থাপিত প্রতিবেদনে বলেন, বাংলাদেশের পশ্চিমাংশে এখন পর্যন্ত কোনো গ্যাসক্ষেত্র পাওয়া যায়নি। ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাও কম। তার পরও অপ্রচলিত উৎসগুলোও খুঁজে দেখতে হবে। তা ছাড়া সম্ভাবনাময় জায়গাগুলোতে অনুসন্ধান বাড়াতে হবে।সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, পেট্রোবাংলা ও এর সহযোগী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা এবং রাশিয়া থেকে ৪৬ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুটি আলাদা কারিগরি অধিবেশনে পাঁচটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী অধিবেশন।