তেল গ্যাস ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির পদযাত্রা
দেশের সম্পদ দেশে রাখার দাবি জানিয়ে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার খনিজসম্পদ রফতানি নিষিদ্ধকরণ আইন পাসসহ সাত দফা দাবি সামনে রেখে কমিটি এ পদযাত্রার আয়োজন করে। রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে সমাবেশের পর পদযাত্রা শুরু হয় এবং ঝিগাতলায় এসে সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। পদযাত্রার নেতৃত্ব দেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বড়পুকুরিয়ায় কয়লাচালিত বিদ্যুৎ প্ল্যান্ট মেরামত ও নবায়ন, কম দামে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্ল্যান্টে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ, জরুরি ভিত্তিতে ক্ষুদ্র বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দান, গ্যাস ও বিদ্যুৎ পরিবহন লাইন মেরামত এবং নবায়ন করারও দাবি জানান।সমাপনী সমাবেশে বক্তারা সরকারকে জাতীয় স্বার্থবিরোধী সব কর্মসূচি বাতিল করতে বলেন। বিজ্ঞপ্তি