তেল-গ্যাস রক্ষা কমিটির সঙ্গে আ.লীগের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। বৈঠক শেষে জাতীয় কমিটি তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে।রাজধানীর গ্রিন রোডে জাতীয় কমিটির কার্যালয়ে গত রোববার রাতে এ বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান অংশ নেন। তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির পক্ষে ছিলেন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য-সচিব আনু মুহাম্মদ, এম এম আকাশ, আকমল হোসেন ও নুর মোহাম্মদ। বিচারপতি গোলাম রাব্বানী বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আনু মুহাম্মদ বলেন, ‘অত্যন্ত হূদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের প্রতিনিধিদলের কাছে আমরা আমাদের সাত দফা দাবি তুলে ধরেছি। কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল এবং রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাসের দাবি জানিয়েছি। তবে দাবির বিষয়ে আওয়ামী লীগের প্রতিনিধিদলের কোনো সুস্পষ্ট মতামত পাওয়া যায়নি।’খনিজ সম্পদ রক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে আনু মুহাম্মদ বলেন, আন্দোলন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাঁদের নেই। সরকারও আন্দোলন থেকে সরে আসার কোনো অনুরোধ করেনি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ৫০ বছর খনিজ সম্পদ রপ্তানি না করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা প্রতিনিধিদলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে বৈঠকে কোনো কথা হয়নি।বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা খনিজ সম্পদ নিয়ে জাতীয় কমিটির সঙ্গে প্রাথমিক ও অনানুষ্ঠানিক আলোচনা করেছি। আমরা কমিটির দাবিগুলো শুনেছি। তাদের সঙ্গে মতবিনিময় করেছি। এ আলোচনা অব্যাহত থাকবে। আন্দোলনে পুলিশি হামলা সম্পর্কে আমরা বলেছি, হামলা-মামলা নয়, সম্ভব হলে যুক্তিতর্ক দিয়ে মীমাংসা করতে হবে।’