তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি
জ্বালানি তেল ও সিএনজি গ্যাসের দাম কমানো ও বাড়তি বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার বিভিন্ন সভা-সমাবেশ ও সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রতিক্রিয়ায় বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধিতে মানুষের ভোগান্তি হচ্ছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে দ্রুত তেল-সিএনজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানায়। সমাবেশে বাসদের নেতারা বলেন, সরকার নিজের লোকসানের দায় জনগণের কাঁধে চাপিয়ে চলেছে। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে সরকারকে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কয়েক দফায় জ্বালানির দাম বাড়াতে ইতিমধ্যেই বাজারে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েছে। এখন আবার জ্বালানি তেলের দাম বাড়াতে তার প্রভাব পড়বে জনজীবনে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে বলে, এমনিতে পণ্যের দামের ঊর্ধ্বগতি ও বাড়িভাড়া বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে, এখন নতুন করে তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানোয় মানুষের ভোগান্তি বাড়ছে। গণতান্ত্রিক বাম মোর্চা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বিকেলে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গতকাল প্রেসক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), জাতীয় মুক্তি কাউন্সিল, ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পো-মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়ন, মহানগর সিএনজি অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টিসহ বিভিন্ন সংগঠন জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানায়।