তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সমাবেশ
জ্বালানি তেল ও সিএনজি গ্যাসের দাম কমানো এবং বাড়তি বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দাবি না মানলে প্রয়োজনে সভা-সমাবেশ, মিছিল ও ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছেন সংগঠনের নেতারা।গতকাল বুধবার বিভিন্ন সভা-সমাবেশে ও সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রতিক্রিয়ায় বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল ও সিএনজির মূল্যবৃদ্ধিতে মানুষের ভোগান্তি হচ্ছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক বিবৃতিতে দ্রুত তেল ও সিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জামায়াতের নাশকতার প্রতিবাদ জানায়। বিবৃতিতে পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হঠাৎ করে এই জ্বালানি তেল ও সিএনজি গ্যাসের দাম বাড়ানোর ফলে জনজীবনের সংকট অসহনীয় হয়ে উঠবে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণ করতে সরকার যখন ব্যর্থ, তখন নতুন করে সরকারের এই সিদ্ধান্ত জনগণের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। জামায়াতের নাশকতার প্রতিবাদে বিবৃতিতে ২৫ সেপ্টেম্বর দেশব্যাপী সভা-সমাবেশ ও মিছিলের ঘোষণাও দেওয়া হয়েছে।সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক তবারক হোসেইন এক যৌথ বিবৃতিতে সরকারের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি গতকাল সকালে তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি করে। সভায় নেতারা বলেন, কয়েক দফায় জ্বালানির মূল্যবৃদ্ধিতে এরই মধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েছে। এর সঙ্গে যাত্রীবাহী সব ধরনের গাড়ির ভাড়াও বাড়ানো হয়েছে। কিন্তু আমদানি-রপ্তানির সঙ্গে সরাসরি জড়িত পণ্য পরিবহন শিল্পের দিকে সরকারের সুস্পষ্ট কোনো পদক্ষেপ নেই। জ্বালানি তেলের দাম না কমালে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকিও দেন তাঁরা।এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন সংগঠন জ্বালানি তেল ও সিএনজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানায়।