তেল চুরির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটির কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

নগর ভবনে পার্ক করা মোটরসাইকেল থেকে তেল চুরি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন মো. ইউনুস আলী ও মো. রিপন। এর মধ্যে ইউনুস আলী করপোরেশনের মশকনির্ধন কর্মী এবং রিপন পরিচ্ছন্নতাকর্মী।

আজ বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয়। দপ্তর আদেশে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

দক্ষিণ সিটির অঞ্চল-৩-এর মশকনিধন কর্মী ইউনুস আলীকে গত ১২ মে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে হাজারীবাগ থানায় ফৌজদারি মামলাও করা হয়।

করপোরেশনের অঞ্চল-৩-এর সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখায় কর্মরত রিপন দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী। নগর ভবনে পার্ক করে রাখা মোটরসাইকেল থেকে তেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন রিপন।