তোরণে জুতার বিজ্ঞাপন, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের আগেই নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’টি পোস্টার লাগানোর স্থানে পরিণত হয়েছে। সুদৃশ্য তোরণটিতে রাজনৈতিক দলের পোস্টার তো বটেই, এমনকি জুতা-স্যান্ডেলের বাণিজ্যিক পোস্টারও পড়েছে। এতে হতশ্রী হয়ে পড়েছে তোরণটি।

তোরণের নিচ থেকে কমপক্ষে এক-তৃতীয়াংশ জুড়ে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের পোস্টার। এর মধ্যে যেমন আছে রাজনৈতিক দলের পোস্টার, তেমনি রয়েছে বাণিজ্যিক পোস্টার। সম্প্রতি একটি জুতা বিক্রির প্রতিষ্ঠান তোরণের গায়ে জুতার ছবিওয়ালা পোস্টার লাগায়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়।

গত বুধবার রাতে ওই জুতা বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আবদুল হক, হাসান মাহমুদ ও মাহফুজ ইবনে রহমান শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, জুতার ছবিসহ পোস্টার লাগানোয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন ও মানহানি হয়েছে। যোগাযোগ করা হলে মাহফুজ ইবনে রহমান প্রথম আলোকেবলেন, ‘এসব পোস্টার বিশ্ববিদ্যালয়ের স্থাপনার সৌন্দর্যহানি করছে, কিন্তু প্রশাসন বিষয়টি দেখছে না। তাই নিজেরাই বাধ্য হয়ে জিডি করেছি।’

তোরণ নির্মাণের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রায় কোটি টাকা ব্যয়ে এর নির্মাণকাজ শেষ হয়েছে গত জুলাই মাসে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। সংগঠনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ বলেন, ‘এসব দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বেশির ভাগই রাজনৈতিক দলের নেতাদের পোস্টার। আমরা তো সরাসরি কিছু বলতেও পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি এ বিষয়ে কিছুই করার নেই?’

 গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ওই জুতা বিক্রেতা প্রতিষ্ঠান তোরণের অন্তত সাতটি জায়গায় পোস্টার লাগিয়েছিল। তবে এর বেশির ভাগই তুলে ফেলা হয়েছে। কিন্তু শূন্যস্থান পূরণ হতে বিলম্ব হয়নি। সেই জায়গায় পড়েছে অন্য পোস্টার। কোথাও কোথাও একটির ওপর একাধিক পোস্টার সাঁটানো হয়েছে। দেখা গেল, ছয়টি পোস্টার লাগানো হয়েছে একটি স্থানে। প্রথমটি লাগানো হয় গত রমজানের সময়। নিউমার্কেট থানা ছাত্রলীগের কোনো এক নেতা ইফতারের শুভেচ্ছা জানিয়েছেন। পুরোটা পড়া যায় না। এর ওপর পরপর দুটি রাজনৈতিক নেতার ‘ব্যক্তিগত পোস্টার’। চতুর্থটি একটি বাম দলের। তার ওপর পড়েছে একটি ব্যায়ামাগারের বিজ্ঞাপনী পোস্টার। আর সবার ওপরে শোভা পাচ্ছে লালবাগ থানা ছাত্রলীগের এক নেতার ব্যক্তিগত পোস্টার।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বাণিজ্যিক পোস্টার, ব্যানার লাগানোর অনুমতি দেওয়া হয় না। কেউ লাগালে তা খুলে ফেলা হয়। পোস্টার সাঁটানোর সময় কেউ আটক হলে তাকে পুলিশে দেওয়া হয়। তোরণের পোস্টার তুলে ফেলার জন্য প্রক্টরিয়াল মোবাইল টিমকে বলা হয়েছে।