তৈরি খাবার শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকেরা বলছেন, দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের ‘তৈরি খাবার’ শিশুস্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এ কারণে গুঁড়ো দুধ ও তৈরি খাবারের বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন দরকার।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বুকের দুধ ও পরিপূরক খাদ্য নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ সতর্কতা উচ্চারণ করেন। তিন দিনের এই সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুষ্টি ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিপূরক খাবারের নামে বিভিন্ন তৈরি খাবার বাজারে আনছে, যার সব কটি শিশুর জন্য যথোপযুক্ত নয়। তাঁরা এ ব্যাপারে আইনপ্রণেতা, নীতিনির্ধারক তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।সম্মেলন আয়োজক কমিটির সভাপতি পুষ্টিবিদ এস কে রায় বলেন, ‘আমরা সম্মেলনে এমন একটি সমস্যার ওপর গুরুত্ব দিচ্ছি, যা উন্নত ও উন্নয়নশীল সব দেশের প্রতিটি পরিবারের সমস্যা।’এস কে রায় বলেন, শিশুর অসুস্থতা ও মৃত্যু কমানোর সবচেয়ে বড় হাতিয়ার ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ এবং ছয় মাসের পর থেকে ২৪ মাস পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি সঠিক পরিপূরক খাবার দেওয়া।শিশুস্বাস্থ্য চিকিৎসক এম কিউ কে তালুকদার বলেন, সঠিক পরিপূরক খাবারের নামে ব্যবসায়িক কোম্পানিগুলো ‘তৈরি খাবার’ (রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড— আরইউটিএফ) মায়েদের হাতে তুলে দিচ্ছে। সাংসদদের জন্য আয়োজিত বিশেষ অধিবেশনে তিনি বলেন, ‘ফ্রান্সের গবেষকেরা আরইউটিএফ তৈরি করেছেন। ইউনিসেফ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানকে দিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা চালান (ডাম্প) করার চেষ্টা চলছে। এসব খাবার থেকে শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য কঠোর আইন দরকার।’অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো চাহিদার সুযোগ নিচ্ছে। এ ব্যাপারে মায়েদের সচেতন করার ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ আলোচনায় অংশ নিয়ে বলেন, মায়েদের জানাতে হবে যে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ থেকে শিশুদের দূরে রাখতে পারে বুকের দুধ। একাধিক আলোচক বলেন, বাংলাদেশে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য বাজারজাত করার নীতিমালাসংক্রান্ত বিদ্যমান আইনটি বেশ দুর্বল।