আলাদা করার অস্ত্রোপচার সফল, তোফা ও তহুরা হাত-পা নেড়েছে, কান্না করেছে
তোফা-তহুরা এখন তোফা ও তহুরা

অস্বস্তিকর যুক্ততা থেকে স্বস্তির বিচ্ছেদ। তোফা-তহুরা থেকে তোফা ও তহুরা। মাঝখানে ২০-২২ জন চিকিৎসকের ৯ ঘণ্টার যুদ্ধ। ঠান্ডা অস্ত্রোপচার কক্ষে ঘামঝরা ব্যস্ততা এবং শেষমেশ সাফল্যের হাসি।
পিঠের থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা। দশ মাস বয়সী গাইবান্ধার এই শিশুদের গতকাল মঙ্গলবার আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। শিশুরা ভালো আছে।
এই পুরোটা সময় তোফা-তহুরার স্বজনদের মতো উৎকণ্ঠা নিয়ে হাসপাতালে অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। কয়েকটি টেলিভিশন খবরের সময় সরাসরি সম্প্রচার করেছে এই অস্ত্রোপচারের খবর। অনলাইনগুলো দিয়েছে প্রতিক্ষণের খবর।
গতকাল সারা দিনের ভ্যাপসা গরমের পর বিকেলের মুষলধারা বৃষ্টি হাসপাতালে উপস্থিত সবার মধ্যে কিছুটা স্বস্তি নিয়ে এসেছিল। ঠিক ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের এক প্রতিনিধিদল অপারেশন থিয়েটারের বাইরে এসে এই স্বস্তিকে প্রশান্তিতে পরিণত করলেন। হাসিমুখে গণমাধ্যমকর্মীদের জানালেন, তোফা ও তহুরার জ্ঞান ফিরেছে। হাত-পা নাড়ছে। কান্না করেছে। তাদের আলাদা করার জন্য নয় ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়েছে। তারা এখন আর জোড়া লাগা যমজ শিশু নয়। তারা এখন আলাদা শিশু।
একটু আগেই অপারেশন থিয়েটার থেকে ছোট একটি কটে করে যখন তোফা ও তহুরাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দুজনই ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিল। গণমাধ্যমকর্মীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়, কে কার আগে ছবি তুলতে পারে। হাসপাতালের বিভিন্ন রোগীর আত্মীয়স্বজনও তাঁদের একনজর দেখতে চান।
এ পরিস্থিতিতে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম গণমাধ্যমকর্মীদের অনুরোধ করে বলতে থাকেন, তোফা-তহুরার অস্ত্রোপচার সফল হয়েছে। তারা এখন ভালো আছে। কিন্তু এখনই তাদের ঝুঁকিমুক্ত বলা যাবে না। সংক্রমণের ঝুঁকি রয়েই গেছে। তাই এখন তারা যাতে স্বাভাবিক পরিবেশে থাকতে পারে তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
তোফা-তহুরা চিকিৎসক সাহনূর ইসলামের অধীনে ভর্তি ছিল। তারা যেভাবে জোড়া লাগানো ছিল চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে অন্য ধরনের জোড়া লাগানো শিশুদের অস্ত্রোপচার করে আলাদা করা হয়।
শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনার সহায়তায় তোফা ও তহুরার মা শাহিদার সঙ্গে এক মিনিটেরও কম সময় কথা বলার সুযোগ মেলে আইসিইউর মূল গেটের একটু বাইরে দাঁড়িয়ে। শাহিদা শুধু বললেন, ‘নিজে চোখে দেখছি, বাচ্চারা ভালো আছে। শেষ পর্যন্ত মেয়েদের হাসিমুখ নিয়ে যাতে বাড়ি ফিরতে পারি আপনারা সবাই সে দোয়া করবেন।’

এই মা জন্মের পর থেকে ১০ মাস মেয়েদের একসঙ্গে কোলে নিতেন। অস্ত্রোপচারের আগে তাদের দুজনের ওজন ছিল ১০ কেজি। এখন মা তাঁর মেয়েদের আলাদা আলাদা কোলে নেবেন। সে উত্তেজনা মায়ের চোখে-মুখে যেন স্পষ্ট।
তোফা ও তহুরাকে অস্ত্রোপচারের আগে অজ্ঞান করা হয় সকাল আটটায়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে অস্ত্রোপচার শুরু হয়। তাদের প্রাথমিকভাবে আলাদা করার পর দুটো অপারেশন থিয়েটারে রেখে দুই দলে ভাগ হয়ে কাজ করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার শেষে
দশ মিনিটের মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে তাদের জ্ঞান ফেরে। অস্ত্রোপচার দলে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের ২০ থেকে ২২ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক। তোফা-তহুরার বাবা রাজু মিয়া, নানা শহীদুল ও তোফা-তহুরার ভাই হাসপাতালে উপস্থিত ছিলেন।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উল হক বলেন, অ্যানেসথেসিয়া, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, শিশু সার্জারি, অর্থোপেডিকস বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় তোফা ও তহুরাকে আলাদা করা সম্ভব হয়েছে। তাদের মেরুদণ্ডের হাড়, মেরুমজ্জা একসঙ্গে লাগানো ছিল। অস্ত্রোপচারের ঝুঁকি ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর তারা হাত-পা নেড়েছে। ওদের জরায়ু, ডিম্বাশয় ঠিক আছে। এখন তারা তাদের পেটের মধ্যে যে ছিদ্র দিয়ে মল ত্যাগ করছে আগামী ছয় মাস সেভাবেই করবে। ছয় মাস পর তাদের অস্ত্রোপচার করে পায়খানার রাস্তা তৈরি করাসহ অন্য কাজগুলো করা হবে।
যাঁরা অস্ত্রোপচার করেছেন
শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আশরাফ উল হক, অধ্যাপক আবদুল হানিফ, অধ্যাপক কানিজ হাসিনা, অধ্যাপক সামিদুর রহমান, সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিউল হক, অসিত চন্দ্র সরকার, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক আবুল কালাম, সহযোগী অধ্যাপক তানভির আহমেদ, হেদায়েত আলী, ফয়সল শাহ, অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক মোজাফফর হোসেন, জ্যেষ্ঠ কনসালট্যান্ট এস এম শফিকুল আলম, সহযোগী অধ্যাপক রাবেয়া বেগম প্রমুখ।