তোবার পাঁচ কারখানা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই তোবার পাঁচ কারখানা খুলে দেওয়া ও আইন অনুযায়ী পরিচালনা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।

রাজধানীর তোপখানা রোডে আজ বুধবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু দাবিগুলো তুলে ধরেন। এ সময় তোবার বেশ কয়েকজন শ্রমিকও উপস্থিত ছিলেন।

অন্য দাবিগুলোর মধ্যে আছে—শিগগিরই শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ, কারখানা চালু না হলে আইন অনুযায়ী শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়া, দেলোয়ার হোসেনের জামিন বাতিল ইত্যাদি।

ছয় দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন থেকে ১৭ আগস্ট বিকেলে শাহবাগে তোবার শ্রমিকদের আন্দোলনের সমর্থনে সংহতি সমাবেশ এবং ২০ আগস্ট বাড্ডায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন মোশরেফা মিশু। তিনি অভিযোগ করে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী বলেছেন আমরা নাকি শ্রমিকদের নিয়ে রাজনীতি করছি। এই মন্ত্রীদের কাছে যেটা রাজনীতি, সেটা শ্রমিকদের কাছে জীবন।’

মোশরেফা মিশু বলেন, ‘তোবার মালিক দেলোয়ার হোসেন রাতের অন্ধকারে পাঁচ কারখানার (প্রকৃতপক্ষে দুই) যন্ত্রপাতি সরিয়ে ফেলেছেন। তাঁর উদ্দেশ্য কী?’ তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, তিনি কারখানার সব যন্ত্রপাতি বিক্রি করে বিদেশে পালিয়ে যাবেন। সে জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দেলোয়ারের পাসপোর্ট জব্দ করা হোক এবং তাঁর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।’

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি অভিযোগ করে বলেন, তোবার শ্রমিকদের পাওনা আদায়ে যে সব শ্রমিকনেতা আন্দোলন করেছেন, তাঁদের পুলিশ নানাভাবে হয়রানি করছে।