তোরণ হলেই মাস পার!
রাজনৈতিক নেতাদের নামের পাশাপাশি এবার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নামেও সড়কের ওপর নির্মিত হচ্ছে তোরণ। পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এসব তোরণ। আর তা বহাল থাকছে মাসের পর মাস। সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ, এসব তোরণ নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে যানজটের।পুরান ঢাকার সূত্রাপুরের তনুগঞ্জ নতুন সড়কে রাস্তার ওপর বিশাল আকারে নির্মাণ করা হয়েছে তোরণ। সেখানে লেখা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত বাংলা ও ইংলিশ মিডিয়াম আন্তর্জাতিক মানের ‘কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’। স্থানীয় লোকজন জানায়, বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে তোরণটি ডিসেম্বরের প্রথম দিকেই নির্মাণ করা হয়। কিন্তু এটি আর সরানো হয়নি। এর পাশেই রয়েছে নারিন্দা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নামে আরেকটি তোরণ।তনুগঞ্জ এলাকার কনফেকশনারি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, কোরবানির ঈদে একটি ও ১ ডিসেম্বর আরেকটি তোরণ নির্মাণ করা হয়। এরপর থেকে সেগুলো রয়েই গেছে। এ রাস্তা দিয়ে কয়েকটি সড়কের বাস চলাচল করে। যানবাহনের চাপ বেড়ে গেলে শুরু হয় তীব্র যানজট।কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মিজানুর রহমান জানান, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে তোরণটির ব্যাপারে সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। এটি ২৬ মার্চের পর ভাঙা হবে।এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তোরণ নির্মাণের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য (কোনো অনুষ্ঠানের এক-দুই দিন আগে থেকে অনুষ্ঠানের দিন পর্যন্ত) অনুমতি দেওয়া হয়। যাঁরা দীর্ঘ সময় এগুলো রাখছেন, তাঁরা আইন অমান্য করছেন। এগুলো ভেঙে ফেলার জন্য শিগগির ব্যবস্থা নেওয়া হবে।পুরান ঢাকার নবাবপুর রোডে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, মাত্র ৫০০ মিটারের ব্যবধানে নির্মাণ করা হয়েছে পাঁচটি তোরণ। এর একটিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনের নামে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। অপর চারটিতে স্থানীয় সাংসদ মিজানুর রহমান খানের নামে ব্যানার লেখা রয়েছে। এর একটি বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে ও অপর তিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তৈরি করা হয়।নাম প্রকাশ না করার শর্তে নবাবপুর রোডের যন্ত্রাংশের দোকানি জানান, নবাবপুরের রাস্তাটি সরু। এর ওপর তোরণ নির্মাণ করায় দুই পাশের রাস্তা প্রায় সাত-আট ফুট ছোট হয়ে গেছে।রাজধানীর বাসাবোর প্রধান সড়কের ওপর নির্মাণ করা হয়েছে বড় একটি তোরণ। সেখানে লেখা রয়েছে, ‘সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, পুনর্মিলনী-২০১০ সফল হোক, কদমতলা মাধ্যমিক উচ্চবিদ্যালয়’। এই সড়কের পূর্ব পাশের সড়কে আরেকটি তোরণে ক্রিস্টাল থিমাম নার্সারি স্কুলের নামে ব্যানার লেখা রয়েছে। এর একটু দূরে একই নামে আরও দুটি তোরণ রয়েছে। বাসাবো এলাকার ফুটপাতের নরসুন্দর নূর ইসলাম জানান, তোরণটির কারণে রাস্তায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। একেক সময় খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত যানজট বিস্তৃত হয় বলে তিনি জানান। গত কোরবানির ঈদের আগে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে ধোলাইখাল ও সদরঘাটে দুটি তোরণ নির্মাণ করা হয়। ওই দুটিতে এখন কোনো ব্যানার নেই। রাস্তার ওপর কঙ্কাল দাঁড়িয়ে আছে। এ ছাড়া কোরবানির ঈদের আগে নির্মাণ করা একটি তোরণের কঙ্কাল ধোলাইখালের নারিন্দার মাথায় রয়েছে। ৬ জানুয়ারি জাতীয় পার্টির কাউন্সিল উপলক্ষে ইংলিশ রোডে একটি তোরণ নির্মাণ করা হয়। ওই তোরণটি এলাকায় যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি করছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।রাস্তায় তোরণ নির্মাণে লোকজনের ভোগান্তি নিয়ে ৩ জানুয়ারি প্রথম আলোতে ‘পুরোনো তোরণেই বারবার ব্যানার বদল, তীব্র যানজট’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এর কয়েক দিন পর বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপরের তোরণটি সরিয়ে ফেলা হয়। এখনো নয়াবাজার ডিআইটি মার্কেটের সামনের সড়কে, তাঁতীবাজার মোড়ে, বংশাল চৌরাস্তায় ও সিদ্দিকবাজার মোড়ের তোরণগুলো বহাল তবিয়তে রয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৯৭৬ সালের অধ্যাদেশ ২৫-এ বলা আছে, ‘রাস্তার ওপর আড়াআড়িভাবে কোনো রশি বা খুঁটি ঝোলানো বা স্থাপন করা অথবা রাস্তার যানবাহন চলাচল ব্যাহত হতে পারে, এরূপভাবে কোনো কাঠামো নির্মাণ করা যাবে না।’ এ ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।