ত্রাণের টিন আত্মসাৎ মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টুর বিরুদ্ধে করা মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।রায়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানান, মামলার বাতিল চেয়ে পিন্টুর করা আবেদন খারিজ হওয়ায় তাঁর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলার কার্যক্রম চলতে আইনি কোনো বাধা নেই। পিন্টুর আইনজীবী এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনকারীর (পিন্টু) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।জানা যায়, ২০০৭ সালের ২৬ মার্চ ৭৯টি ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে হাজারীবাগ থানায় পিন্টুর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই বছরের ১০ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পিন্টু হাইকোর্টে ওই মামলা বাতিলের আবেদন করলে ২০০৮ সালে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন।