১০ বছর দখলে থাকার পর অবশেষে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে তৈরি হতে চলেছে গোলাপবাগ মাঠ। আজ বুধবার বিকেলে ১৪.২৫ কোটি টাকা ব্যয়ে গোলাপবাগ মাঠের উন্নয়নকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। ডিএসসিসির আওতাভুক্ত ৩১টি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নের লক্ষ্যে ‘জল সবুজে ঢাকা’ মেগা প্রকল্পের অংশ হিসেবে এ উন্নয়নকাজ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, ২০১৮ সালের শেষ নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হবে। এ মাঠে নারী, শিশু ও বয়স্কদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা থাকবে। গাছ লাগিয়ে মাঠটির প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমার বাবা সাবেক মেয়র মো. হানিফ এ মাঠটি তৈরি করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মাঠটি দখল করে রেখেছিল। এ নিয়ে অনেক দিন ধরে মামলাও চলেছে। অবশেষ অনেক চড়াই-উতরাই পেরিয়ে মাঠটিকে দখলমুক্ত করা গেছে।’

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবীব, ডিএসসিসির প্রধান প্রকৌশলী ফরাজি শাহাবুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক আসাদুজ্জামানসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরেরা।
২০০৬ সাল থেকে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি রাখার কারণে গোলাপবাগ মাঠটি দখল হয়ে ছিল। ২০১৩ সালের ১১ অক্টোবর উড়ালসড়ক উদ্বোধন করা হলেও নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতিগুলো সরানো হয়নি। এ বছরের শুরুতে ডিএসসিসি কিছু নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি গুঁড়িয়ে দিয়ে মাঠটি দখলমুক্ত করে।