থানার সামনে স্বজনদের অপেক্ষা, তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাদশা মামারে কইছি। মামায় স্যারেগো কাছে তদবির করছে। স্যার কইছে পাঁচ আনি মামলা দিব। তুই টেনশন লইস না।’
প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা আটক ব্যক্তির উদ্দেশে চেঁচিয়ে এই অভয় বার্তাটি দিচ্ছেন তাঁরই এক আত্মীয়। জনা বিশেক আটক লোককে নিয়ে প্রিজন ভ্যানটি দাঁড়ানো রাজধানীর মিরপুর মডেল থানার সামনে। গতকাল রোববার সকাল সোয়া ১০টার দৃশ্য।
জানা গেল, ‘পাঁচ আনি মামলা’ মানে মামুলি অপরাধের অভিযোগে মামলা।
জঙ্গি হামলা বাড়ার প্রেক্ষাপটে সারা দেশে চলছে পুলিশের বিশেষ অভিযান। এ অভিযানের খোঁজ নিতে গতকাল সকালে মিরপুর থানায় গিয়ে দেখা গেল, আগের দিন শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল পর্যন্ত আটক ব্যক্তিদের আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত একটি প্রিজন ভ্যান। প্রিজন ভ্যান ঘিরে ধরা লোকজনের মধ্যে দুজন নারী ও একটি শিশুকেও দেখা গেল।
গায়ে-গতরে পেরে না ওঠায়দুই নারী প্রিজন ভ্যানে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছাতে পারছিলেন না। তাই দূর থেকেই একজন বলছিলেন, ‘ভাইয়ে উকিল ধরব। স্যারেরা কইছে ছুডো মামলা দিছে, কোর্টে খাড়াইলেই জামিন অইব।’
সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে পীরেরবাগ থেকে এসেছেন এক নারী। ঘন ঘন চোখ মুছছিলেন। নাম প্রকাশ করতে চান না। বোরকা পরা ওই নারী জানালেন, তাঁর স্বামীর বিরুদ্ধে আগের মামলা ছিল। শনিবার রাতে পুলিশ ধরে এনেছে। রাতে থানায় এসেছিলেন, পুলিশ দেখা করতে দেয়নি। বাচ্চাটিকে একবার দেখানোর জন্য এখন আবার এসেছেন। কিসের মামলা ছিল জানতে চাইলে ওই নারী বলেন, ‘মনে হয় মারামারির মামলা।’