থানার সামনে সড়কে ময়লা ফেলে সুইপারদের অবরোধ
রাজধানীর ধলপুর থেকে আটক সুইপারদের ছেলেদের ছেড়ে দেওয়ার দাবিতে সুইপাররা গত সোমবার গভীর রাতে যাত্রাবাড়ী থানার সামনের সড়কে ময়লা ফেলে দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তাঁরা বিক্ষোভও করেন। গতকাল মঙ্গলবার ভোরে দুজনকে ছেড়ে দেওয়া হলে অবরোধ ও ময়লা তুলে নেন তাঁরা।জানা যায়, সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুলিশ ধলপুর সিটি পল্লি সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযানকালে সিটি করপোরেশনের সুইপারদের ছয় ছেলেসহ ১১ জনকে আটক করে। সুইপাররা অভিযোগ করেন, ঘরে তাস খেলার সময় তাঁদের ছেলেদের আটক করা হয়। অন্যদিকে অভিযানে পুলিশ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে কলোনির দুই শতাধিক সুইপার সড়ক অবরোধ করেন।পুলিশ সূত্র জানায়, ধলপুর সিটি পল্লি সুইপার কলোনিতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়ে ১১ জনকে আটক ও ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক করা ব্যক্তিদের থানায় আনা হয়। তাঁদের মধ্যে রয়েছেন জোৎস্না বেগম, সুমা, সুমন পারভেজ, জসিম, জলিল, কালা মিয়া ও কাজলী বেগম। তাঁদের ছয়জন সুইপারদের ছেলে। তাঁদের ছাড়াতে সুইপাররা তদবির শুরু করেন। রাত দুইটার দিকে ময়লা-আবর্জনাবোঝাই কয়েকটি গাড়ি নিয়ে দুই শতাধিক সুইপার থানার সামনের সড়কে এসে ময়লা ঢেলে দেন। তাঁরা ওই সড়ক অবরোধ করেন এবং ওই ছয়জনকে মুক্তি ও সুইপার কলোনিতে আর অভিযান না চালানোর দাবিতে বিক্ষোভ করতে থাকেন। সুইপারদের নেতাদের সঙ্গে আলোচনার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। ভোর চারটার দিকে পরিস্থিতি শান্ত হয়, সুইপাররা অবরোধ তুলে নেন। সকালে তাঁরা সড়কে ফেলা ময়লা-আবর্জনা সরিয়ে নেন।সড়ক অবরোধকারী সুইপাররা অভিযোগ করেন, অভিযানের সময় অপর এক নারী মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছিল। কিন্তু টাকার বিনিময়ে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। কিন্তু তাঁদের ছেলেদের ছাড়েনি।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, তল্লাশি চালিয়ে মাদকসহ ১১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে সিটি করপোরেশনের সুইপারদের ছেলেদের ছাড়াতে কিছু লোক তদবির করেন। এক নারী মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা সিটি করপোরেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ কলোনির পাশের একটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে। কিন্তু কলোনির বাসিন্দাদের চার ছেলেকে ধরেছে তাস খেলার সময়। এর প্রতিবাদে সুইপাররা কনটেইনারবোঝাই ময়লা ফেলে সড়ক অবরোধ করেন।