থানার সামনের রাস্তা বন্ধ, বেশি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে

উত্তরার আজমপুরে প্রায় দুই মাস ধরে উত্তরা পূর্ব থানার সামনের রাস্তায় রিকশা চলাচলের লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওই এলাকার বাসিন্দারা আজমপুর বাসস্ট্যান্ড থেকে ওই লেন ব্যবহার করে সরাসরি বিমানবন্দর পর্যন্ত যেতে পারছেন না। তাঁদের এখন উত্তরা পূর্ব থানার পেছন দিয়ে ঘুরে বিমানবন্দরে পৌঁছাতে হচ্ছে।
আজমপুরের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, হঠাৎ করে এই লেন বন্ধ করে দেওয়া হয়েছে। রিকশা ও অটোরিকশা নিয়ে এখন সরাসরি এই লেন ব্যবহার করা যায় না। এ কারণে থানার পেছন দিয়ে কসাইবাড়ি এলাকা দিয়ে ঘুরে যেতে হয়। এতে সময় বেশি লাগে। ভাড়াও বেশি দিতে হয়।
মো. ইউসুফ নামের একজন রিকশাচালক প্রথম আলোকে বলেন, ‘আগে আজমপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নিতাম ৪০ টাকা। এখন অনেক দূর ঘুরে যেতে হয়। তাই ভাড়া নিই ৫০-৬০ টাকা।’
সরেজমিনে দেখা যায়, উত্তরা পূর্ব থানার সামনে রিকশার লেন দুই পাশ থেকে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। থানার সামনের লেনের ওপর রাখা হয়েছে জব্দ করা কয়েকটি গাড়ি। অনেক যাত্রী রিকশা নিয়ে আজমপুর থেকে থানার পেছন দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছেন। মোটরসাইকেলের চালকেরা কোনোভাবে থানার সামনের অংশ পাশ কেটে আবার ওই লেন ব্যবহার করছেন।
জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম বলেন, ‘আমি সম্প্রতি এই থানায় যোগ দিয়েছি। আমি এখানে আসার আগেই থানার নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সামনের লেন বন্ধ করা হয়েছে। কবে এটা উন্মুক্ত করা হবে, বলতে পারছি না।’