থানায় নির্যাতনের অভিযোগে আদালতে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন
রাজধানীতে রাজীব কর নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে নির্যাতন করার অভিযোগে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আজ বুধবার এই আবেদন করেছেন রাজীব কর।
আদালত রাজীবের জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয় কোনো আদেশ এখনো দেননি বলে প্রথম আলোকে জানান আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
অপর যে দুজনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে, তাঁরা হলেন, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদ ভূইয়া।
আবেদনে ভুক্তভোগী রাজীব দাবি করেন, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি কোতোয়ালি থানা এলাকার ৬৯ নম্বর গোয়ালনগরের বাসায় ঘুমিয়ে ছিলেন তিনি। রাত আড়াইটার দিকে এসআই মিজান ও এএসআই ফরিদ তাঁর বাসায় সাদা পোশাকে আসেন। পুলিশ পরিচয় দিয়ে তাঁকে হাতকড়া পরান। বাসায় তল্লাশি চালিয়ে ২৮ ভরি সোনা, ৪১ হাজার টাকাসহ তাঁকে থানায় ধরে নিয়ে যান তাঁরা। রাত তিনটার সময় তাঁকে থানার একটি কক্ষে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে মিজান ও ফরিদ পিটিয়ে অজ্ঞান করেন।
রাজীব অভিযোগ করেন, মারধরের এক পর্যায়ে তিনি পুলিশের কাছে জানতে চান, তার অপরাধ কী। তখন মিজান ও ফরিদ বলেছিলেন, ‘‘তোর কোনো অপরাধ নেই। তুই ঢাকায় থাকতে পারবি না। তুই জানে বাঁচতে পারবি না। কোনোদিন মুখ খুলতে পারবি না।’’ তাঁর অভিযোগ, সেদিন তাঁকে ওই তিন পুলিশ কর্মকর্তা অমানুষিক নির্যাতন করেন। অসুস্থ হয়ে পড়িলে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে আবার তাঁকে থানায় নিয়ে এসে নির্যাতন ও ৫ লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা দিতে অপারগতার কথা জানালে রাজীবের মুঠোফোন থেকে তাঁর স্ত্রীকে কল করে টাকা চান মিজান। না দিলে হুমকি দেন। পরে স্বজনেরা মিজানকে ২ লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।