থানায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ দরকার
রাজধানীতে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা বলেছেন, দেশে প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এই শিশুদের অনেকেই শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার। এই ধরনের শিশুদের সুরক্ষায় তাই প্রতিটি থানায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া দরকার।
গতকাল ডেইলি স্টার ভবনে আজিমুর রহমান সম্মেলন কক্ষে ‘শিশুবান্ধব থানা ও শিশুশ্রম: বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। সেন্টার ফর সার্ভিস অ্যান্ড ইনফরমেশন অন্য ডিজঅ্যাবিলিটি, শাপলা নীড় ও ওয়ার্ল্ড ভিশন নামের তিনটি এনজিও এই সেমিনারের আয়োজন করে। মূল প্রবন্ধে ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাবিরা সুলতানা বলেন, শিশু আইন ২০১৩-এর বিধি তৈরি ও অনুমোদন করে প্রতিটি থানায় একটি শিশুবিষয়ক ডেস্ক গঠন ও শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ করতে হবে। গৃহকর্মী সুরক্ষা আইন ও কল্যাণ নীতি অনুযায়ী নির্যাতিত শিশুকে পুলিশি সহায়তা দেওয়ার পাশাপাশি গৃহকর্মীর তথ্য ও ছবি থানায় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেমিনারে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম মাসুদ আলোচনা করেন।