রমনার বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার পর এক যুগ পার হয়েছে। কিন্তু এখনো ওই ঘটনার বিচার হয়নি। ওই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের অপেক্ষায় চার বছর ধরে থেমে আছে। আর হত্যা মামলাটির বিচারকাজ চলছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হত্যা মামলায় গত দুই বছরে ১১ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির আবু হেনা ইউসুফের জেরা চলছে।দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দুই মাসের মধ্যে বিচারকাজ (রায়) শেষ হবে বলে জানিয়েছেন এ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এস এম জাহিদ হোসেন। তিনি জানান, এ মামলার পরবর্তী তারিখ ১৫ এপ্রিল।২০০১ সালের ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) রমনার বটমূলে ছায়ানট আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত এবং ১১ জন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। প্রায় সাড়ে সাত বছর পর ২০০৮ সালের ৩০ নভেম্বর সিআইডি মামলা দুটির অভিযোগপত্র আদালতে জমা দেয়। তাতে ১৪ জনকে আসামি করা হয়। তাঁরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা-কর্মী।আসামিদের মধ্যে মুফতি আবদুল হান্নান, মুফতি আবদুর রউফ, মাওলানা শেখ ফরিদ, হাফেজ ইয়াহিয়া, হাফেজ আবু তাহের, মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির, আরিফ হাসান ওরফে সুমন ও শাহাদাত হোসেন ওরফে জুয়েল কারাগারে আছেন। আর মাওলানা তাজউদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, জাহাঙ্গীর বদর ও হাফেজ আবু বকর পলাতক। আরেক আসামি মাওলানা আকবর হোসাইন জামিনে মুক্ত আছেন।যে কারণে থেমে আছে বিস্ফোরক মামলা: বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি থেমে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা দুটির বিষয়বস্তু, সাক্ষী ও প্রমাণ এক। তাই মামলা দুটির বিচারকাজ একই সঙ্গে করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন হাইকোর্টের মতামত চেয়ে ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে চিঠি পাঠান। সুপ্রিম কোর্ট থেকে এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে মামলাটির বিচারকাজ বন্ধ রয়েছে।অভিযোগ রয়েছে, মতামত চাওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হয়েছেন। বদল হয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারও।পিপি জানান, ২০০৯ সালের পর ট্রাইব্যুনাল থেকে বর্তমান রেজিস্ট্রার অথবা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যোগাযোগ করা হয়নি।সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, ২০০৯ সালে ট্রাইব্যুনাল থেকে মতামত চেয়ে করা আবেদনের বিষয়টি তাঁর জানা নেই। তিনি ২০১০ সালের ৭ জুন রেজিস্ট্রারের দায়িত্ব নিয়েছেন। এরপর সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল থেকে তাঁকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।