সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক ৪০৪ জন তরুণ গতকাল রোববার থেকে অনশন শুরু করেছেন। তবে বোয়েসেল বলছে, সবকিছু স্বচ্ছভাবে হচ্ছে। অনশনকারী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য ভাষা পরীক্ষার প্রয়োজন হয়। সে অনুযায়ী তাঁরা ভাষা পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। এরপর সব প্রস্তুতি শেষ করে তাঁরা কোরিয়া যাওয়ার অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও যেতে পারেননি। এর মধ্যে ২৩৭ জনের ভাষা পরীক্ষার ফলের মেয়াদ পেরিয়ে গেছে। কিন্তু তার পরও তাঁরা যেতে পারছেন না। এ ছাড়া দক্ষিণ কোরিয়াগামীদের তালিকা থেকে আরও ১৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে। আমরা এই ৪০৪ জন আমরণ অনশন করার সিদ্ধান্ত নিয়েছি।’আরেক তরুণ এ কে এম কামরুজ্জামান বলেন, ‘বোয়েসেলের কর্মচারীদের ভুলের কারণে আমরা চরম সমস্যায় পড়েছি। এর সমাধানের দায়িত্বও বোয়েসেলের।’ প্রার্থী হাফিজুর রহমান বলেন, ‘বোয়েসেলের সঙ্গে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের সমস্যার বলি হচ্ছি আমরা। আমরা প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছি।’ এদিকে বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় ন্যূনতম অভিবাসন ব্যয়ে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনশক্তি রপ্তানি হচ্ছে। ২০০৮ সালে কোরীয় ভাষা পরীক্ষার মাধ্যমে সর্বমোট সাত হাজার ৯৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে এর আগে পাঁচ হাজার ৮৬৫ জন কর্মী দক্ষিণ কোরিয়ায় গেছেন এবং এক হাজার ২২২ জন যাওয়ার প্রক্রিয়ায় আছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বয়স ৪০ বছর অতিক্রম করলে, ভাষা পাসের মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা যেকোনো পর্যায়ে সে কোরিয়ায় অবৈধ ছিল মর্মে প্রমাণ পাওয়া গেলে এবং কোনো প্রার্থীর নাম যদি দুইবার থাকে, তাহলে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী এ বছরের এপ্রিলে মোট ২৯৪ জন প্রার্থীর নাম কোরিয়া তালিকা থেকে বাদ দিয়েছে। এখানে বোয়েসেলের কোনো ব্যর্থতা নেই। এ ছাড়া এর আগে বাদ যাওয়া ৪৯৩ জনের মধ্যে ১১০ জন ছাড়া বাকিদের আবার তালিকাভুক্ত করা হয়েছে। এখন এই ১১০ ও ২৯৪ জন অনশনসহ নানা কর্মসূচি পালন করে বিরূপ পরিবেশ সৃষ্টি করছেন। এতে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।