দক্ষ মানবসম্পদ তৈরি ও জনশক্তি রপ্তানি বাড়াতে সহায়তা দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানি বাড়াতে বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণে বিশ্বব্যাংক বাংলাদেশকে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে। খবর বাসসের।এ বিষয়ে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘জনশক্তি রপ্তানি বাড়াতে কারিগরি ও আর্থিক সহায়তা চেয়ে সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংস্থার ‘রেমিট্যান্স গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশকে সহায়তা দিতে নীতিগতভাবে রাজি হয়েছে।’সংস্থাটি জনশক্তি রপ্তানি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী বলে তিনি জানান। তিনি বলেন, শিগগিরই বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট কোন কোন খাতে সহায়তা দেওয়া যায়, তা খতিয়ে দেখতে বাংলাদেশ সফরে আসবে। এরপর সংস্থাটি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সহায়তার বিষয়টি চূড়ান্ত করবে।প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খানের নেতৃত্বে দুই সদস্যর একটি প্রতিনিধিদল গত ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কারিগরি ও আর্থিক সহায়তা চেয়ে প্রস্তাব তুলে ধরেন। বাংলাদেশ প্রতিনিধিদলের অপর সদস্য প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী বলেন, ‘আমরা বিশ্বব্যাংকের কর্মকর্তাদের বলেছি, বাংলাদেশের বিকাশমান অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী শ্রমিকদের প্রেরিত অর্থ। এই অর্থপ্রবাহ বাড়াতে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে আপনাদের সহায়তা প্রয়োজন।’ জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়ে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে: বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, তাঁদের জন্য উন্নত ধরনের প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা, প্রবাসীকল্যাণ ব্যাংককে আধুনিকায়ন ও ঋণ দেওয়া এবং নির্যাতিত প্রবাসী শ্রমিকের আইনগত সহায়তা প্রভৃতি।