দক্ষ লোকবলের অভাবে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যাহত হচ্ছে। গত এক মাস থেকে অভিযানের উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখা যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযানের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবে দুই-এক দিনের মধ্যে অভিযান জোরদার করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে যাঁরা আদালত পরিচালনা করছেন, তাঁদের মধ্যে দক্ষতা ও সমন্বয়ের অভাব রয়েছে। ফলে অভিযানের কার্যক্রম ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। জানা গেছে, গত মে মাসে বিএসটিআইয়ের পক্ষ থেকে রাজধানীতে ১২টি অভিযান চালানো হয়। কিন্তু জুন মাসে অভিযান পরিচালিত হয়েছে মাত্র চারটি। এ চারটি অভিযানেও উল্লেখ করার মতো কোনো সফলতা নেই। বিএসটিআই সূত্রে জানা গেছে, তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটের কোনো পদ নেই। প্রেষণে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হলেও তাঁদের আবাসন ও বেতন-ভাতাসহ সব ব্যয় বিএসটিআইকে বহন করতে হবে। এ জন্য বিএসটিআইয়ের পক্ষ থেকেও ম্যাজিস্ট্রেট নিয়োগের তেমন কোনো উদ্যোগ নেই। গত জুন মাসে যে ১৫, ২১, ২৩ ও ২৮ তারিখে ভ্রামমাণ আদালত চারটি অভিযান চালান, এতে পুরান ঢাকার কয়েকটি বেকারি ও শান্তিনগর এলাকার একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং একটি ফ্যাশন হাউসকে জরিমানা করা হয়েছিল। বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ প্রথম আলোকে বলেন, ‘দক্ষ লোকবলের অভাবে অভিযান ব্যাহত হচ্ছে। কিছু দিন হলো আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। কিন্তু সমন্বয়ের অভাবে জোরালো অভিযান চালানো যাচ্ছে না।’ তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বিএসটিআইকে আলাদা ম্যাজিস্ট্রেট দেওয়া হলে দিনে-রাতে যেকোনো সময় অভিযান চালানো সম্ভব হবে।’ ঢাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার প্রথম আলোকে জানান, নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান কিছুটা মন্থর হয়েছে। তবে দুই-এক দিনের মধ্যে আবার অভিযান জোরদার করা হবে । ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘ভেজালবিরোধী অভিযান কিছু দিন কম ছিল। শিগগিরই এ অভিযান জোরদার করা হবে।’