দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুকদের অনশন, ২০ জন অসুস্থ
দক্ষিণ কোরিয়া গমনে ইচ্ছুক ৪০৪ জন তরুণের অনশনের পঞ্চম দিনে গতকাল বৃহস্পতিবার আরও ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনকারীরা অভিযোগ করেছেন, সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের অব্যবস্থাপনার কারণেই তাঁরা কোরিয়া যেতে পারছেন না। তাই এ ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত রোববার থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে অনশন শুরু করেছেন দক্ষিণ কোরিয়াগামী শতাধিক তরুণ। গতকাল অনশন চলাকালে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মালেক, আবদুস সামাদ, রবিউল ইসলাম ও নূর আলম সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচজনকে প্রেসক্লাব প্রাঙ্গণেই চিকিৎসা দেওয়া হয়েছে। অনশনকারী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পঞ্চম দিনের মতো অনশন চলছে। কিন্তু সরকার বা বোয়েসেল এখনো আমাদের দাবি মানার ব্যাপারে কোনো আশ্বাস দিচ্ছে না। দাবি না মানা পর্যন্ত অনশন চলবে।’ অনশনকারীরা জানান, তাঁরা ভাষা পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। কিন্তু বোয়েসেলের অবহেলার কারণে ৪০৪ জন এখনো দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না।তবে বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনশক্তি রপ্তানি হচ্ছে। কিছু প্রার্থীকে যুক্তিসংগত কারণেই বাদ দেওয়া হয়েছে।