দক্ষিণ বনশ্রীতে এক মাস পানি নেই
নতুন লাইনে বেশি পানি সরবরাহ হবে। রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসিন্দারা পাবে বিশুদ্ধ পানি—রাস্তায় বিড়ম্বনা মানুষ সহ্য করেছে এই আশা নিয়ে। কিন্তু এর পরিবর্তে বর্তমানে গভীর রাতে খুব কম সময়ের জন্য সামান্য পানি আসে। প্রায় এক মাস ধরে এ সমস্যা চলছে। পানির এই কষ্ট অসহনীয় হয়ে উঠছে।
বৃহত্তর মিরপুর, গুলশান, ধানমন্ডি, লালমাটিয়া, নাখালপাড়ার মতো দক্ষিণ বনশ্রী এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্পে পুরোনো সরু পাইপের পাশে নতুন মোটা পাইপ বসানো হয়। মাস খানেক আগে শতাধিক বহুতল বাড়িতে আগের সংযোগ বিচ্ছিন্ন করে নতুন সংযোগও দেওয়া হয়। বাকি প্রায় দেড় হাজার বাড়িতেও সংযোগ দেওয়ার কাজ চলছে। যেসব বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে, সেসব বাড়ির বাসিন্দারা এখন পানির চরম কষ্টে আছে।
এইচ-৪২ নম্বর বাড়ির মালিক জাফর চৌধুরী অভিযোগ করেন, আগে যে লাইন টানা ছিল, তাতে মাঝে মাঝে সমস্যা থাকলেও পানি পাওয়া যেত। তিনিসহ পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা বলেন, কয়েক দিন আগে ঢাকা ওয়াসার লোকদের সাহায্যে পাম্প এলাকা থেকে ওয়াসারই লোকদের সাহায্যে বিকল্প একটি লাইন টানা হয়। সেই পাইপ নিয়ে আরও সমস্যা হয়েছে। কারণ, পাইপ ফুটো হওয়ায় সে লাইনে শুধু ময়লা ও দুর্গন্ধময় পানিই আসে। গোসল পর্যন্ত করা যায় না। এসব নিয়ে রোজার মাসে এলাকাবাসী অকল্পনীয় কষ্টে আছেন। এইচ-৪৩ বাড়ির মালিক মো. জাহিদ বলেন, পানির এই সমস্যা নিয়ে তাঁরা চিন্তিত। রোজা রাখার জন্য অনেকেই সাহরির কারণে রাত জেগে পানি তুলছেন। অন্য সময়ে তা সম্ভব না-ও হতে পারে। বাড়ির ভাড়াটেরা তাঁর কাছে আপত্তি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আগের পানির পাইপ টানা ছিল মাটির আট ফুট নিচে। পাইপলাইন টানা হয়েছে চার ফুট নিচে। পাইপ নিচে থাকায় পানির সরবরাহ তুলনামূলক ভালো ছিল। এ ছাড়া পানি ঠিকভাবে না এলে অনেক বাড়ি থেকেই মোটর দিয়ে পানি টেনে তোলা হতো, যা ওয়াসার লোকদের সহায়তায় সম্ভব হতো। বর্তমান লাইনে তা সম্ভব নয়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এখন তো চলছে পানির কষ্ট। এর আগে গত বছর এবং চলতি বছরের শুরুর দিকে মোটা পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়, সেটাও ছিল ভোগান্তির। তবে তখন এলাকাবাসীর সান্ত্বনা ছিল, এই ভোগান্তি সাময়িক। নতুন সংযোগ দেওয়ার পর ভালো পানি পাওয়া যাবে—এমন ধারণা ছিল। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের। কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, এডিবি যে পাইপলাইন বসিয়েছে তা সমান্তরাল। এলাকার সব বাড়ি সমান্তরাল নয়, সে জন্য সমস্যা হয়ে থাকতে পারে। তবে পানির সমস্যা যাতে কমানো যায়, সে জন্য তিনি চেষ্টা করছেন।
ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, নতুন লাইন যেহেতু এডিবির প্রকল্পে এসেছে, ওয়াসা দ্রুত কিছু করতে পারছে না। তবে নিয়ম অনুযায়ী রমজান মাসে পানির সংকটের কারণে এলাকাগুলোয় ওয়াসা ট্রলি দিয়ে পানি বিতরণ করে থাকে।