প্রথম আলোর প্রথম পাতায় ২ জানুয়ারি প্রকাশিত ‘গাড়িবিলাসে দুই সিটি’ প্রতিবেদন ও এ নিয়ে ৪ জানুয়ারি প্রকাশিত সম্পাদকীয়র প্রতিবাদ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালায়-২০২০ (সংশোধিত) কারা প্রাধিকারপ্রাপ্ত হিসেবে বিবেচিত হবেন, তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সরকারের অনুমোদন অনুসারে একজন অতিরিক্ত সচিবের গাড়ি প্রাপ্যতা বর্তমানে ব্যবহার করা গাড়ি প্রাপ্যতাকে কোনোভাবেই অতিক্রম করে না। সিস্টেম অ্যানালিস্ট, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ও সম্পত্তি কর্মকর্তার বিশাল কর্মপরিধি রয়েছে এবং তা বাস্তবায়নে গাড়ি ব্যবহার অপরিহার্য।’
দক্ষিণ সিটি দাবি করেছে, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের প্রাধিকারভুক্ত। জরুরি সেবা কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে সিইওর একাধিক গাড়ি ও একাধিক চালক প্রয়োজন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সরকার একাধিক গাড়ি ও গাড়িচালক দিয়ে চলেছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রথম আলোতে মাঝেমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের নানা বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, মনগড়া ব্যাখ্যাসংবলিত নানাবিধ সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রতিবেদকের বক্তব্য
সিটি করপোরেশনে গাড়ির প্রাধিকার কী হবে, তা করপোরেশনের টেবিল অব অর্গানোগ্রাম অ্যান্ড ইক্যুইপমেন্ট (টিওঅ্যান্ডই) অনুযায়ী নির্ধারিত হয়। প্রথম আলোর প্রতিবেদনে সিটি করপোরেশনের টিওঅ্যান্ডই অনুযায়ী কারা কারা প্রাধিকার পাওয়ার যোগ্য না হয়েও গাড়ি ব্যবহার করছেন, কারা একাধিক গাড়ি ব্যবহার করছেন, তা-ই তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, করপোরেশনের টিওঅ্যান্ডই অনুমোদন দেয় সরকার। দক্ষিণ সিটি ‘মিথ্যা, বিভ্রান্তিকর, মনগড়া ব্যাখ্যাসংবলিত নানাবিধ সংবাদ’ প্রকাশের অভিযোগ করলেও তা কোন কোন প্রতিবেদন, সেটা উল্লেখ করেনি।