দক্ষিণখানে গৃহবধূ অগ্নিদগ্ধ
রাজধানীর দক্ষিণখান থানার হজ ক্যাম্পের কাছের একটি বাসায় বৃহস্পতিবার রাতে হাজেরা বেগম (৩০) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানান, হাজেরার অবস্থা সংকটজনক।
পারিবারিক সূত্র জানায়, হাজেরা সপরিবার হজ ক্যাম্পসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর স্বামী মানিক মিয়া বৈদ্যুতিক মিস্ত্রি। তানহা নামে তাঁদের ১০ বছরের একটি মেয়ে আছে।
হাজেরার শাশুড়ি মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। হাজেরার মেয়ে ছিল পাশের বাসায়। মানিক ছিল অন্য কক্ষে। খবর পেয়ে তিনি বাসায় এসে হাজেরাকে দগ্ধ অবস্থায় পান। পরে তাঁকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। মনোয়ারা বলেন, হাজেরার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, নাকি তিনি নিজের শরীরে আগুন দিয়েছেন, তা জানেন না।
হাসপাতালের কর্মচারীরা বলেন, হাজেরার শরীর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি দক্ষিণখান থানাকে বলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।