দক্ষিণখানে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার চারজনের অপমৃত্যু
দক্ষিণখানে সোমবার রাতে শামীমা আক্তার (২৪) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গত দুই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে চারজনের অপমৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শামীমাকে সোমবার রাতে কাওলা আমবাগানের বাসা থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান ইয়াছিন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শামীমাকে মৃত ঘোষণা করেন। পরে সন্দেহ হলে পুলিশ ইয়াছিনকে আটক করে থানায় সোপর্দ করে। উত্তরা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নিশারুল আরিফ বলেন, প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, একই দিন রাত ১২টার দিকে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার এলাকার এক বাসা থেকে দুলালি আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। বংশাল থানার এসআই আবদুল আউয়াল বলেন, গতকাল সকালে বংশাল মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় গিয়াসুদ্দিন শেখ (৫৫) মারা গেছেন। মিরপুর থানার এসআই আবদুল লতিফ জানান, গতকাল পাইকপাড়ার একটি ভবন থেকে পড়ে আবদুল হাই (৫৫) নামের এক ব্যক্তি মারা যান। এছাড়া উত্তর পীরেরবাগের আরেকটি ভবন থেকে পড়ে মারা যান মো. শাহীন (৩০)।