দক্ষিণখানে জঙ্গি আস্তানায় ডিবির অভিযান
দক্ষিণখানের একটি বাসায় অভিযান চালিয়ে বোমা ও বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বাসাটি ভাড়া নিয়ে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
ডিবি পুলিশ জানায়, রিমান্ডে থাকা দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে তারা সরদারপাড়া এলাকার আইডিয়াল স্কুলসংলগ্ন ২৪২ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে একটি কক্ষে ছিল বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক। অন্য কক্ষে জঙ্গিরা থাকত। তবে অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। গতকাল রোববার দুপুর পর্যন্ত ডিবির এ অভিযান চলে। এখান থেকে দুটি তাজা বোমা, অন্তত ছয় কেজি বিস্ফোরক পাউডার, ছয় কেজি তরল রাসায়নিক বিস্ফোরক, বৈদ্যুতিক কেবলসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলের অদূরে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি উত্তর বাড্ডার সাতারকুলে আনসারুল্লাহ বাংলা টিমের আস্তানায় অভিযান চালাতে গেলে ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী চাপাতির কোপে আহত হন। এরপর ডিবি ওই এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য সালাউদ্দিনও কামালকে গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতে পরদিন মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাড়ির পাঁচতলা থেকে ২০টি বোমা এবং বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়। রিমান্ডে নেওয়ার পর দুই জঙ্গি ডিবিকে জানায়, দক্ষিণখানের সরদারপাড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের একটি আস্তানা রয়েছে। এর ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান প্রথম আলোকে বলেন, আনসারুল্লাহ বাংলা টিম দুই কক্ষের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। এর মধ্যে একটি তারা বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করছিল। আরেকটিতে বোমা কারিগরেরা থাকত। ধারণা করা হচ্ছে, সাতারকুলে দুই জঙ্গিকে গ্রেপ্তারের পরই হয়তো দক্ষিণখানের সরদারপাড়ার আস্তানা ছেড়ে পালিয়েছে জঙ্গিরা। তবে কারা ওই বাসায় থাকত তাদের চিহ্নিত করতে ডিবির অভিযান চলছে।
ডিবির একজন কর্মকর্তা বলেন, উদ্ধার করা বোমা তৈরির উপকরণগুলো বেশ উচ্চ ক্ষমতাসম্পন্ন। এগুলো দিয়ে কয়েক শ বোমা তৈরি করা সম্ভব।