দক্ষিণখানে নকল ওষুধ কারখানায় অভিযান
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি না নিয়ে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির কারণে রাজধানীর দক্ষিণখান এলাকার কার্লো ফার্মাসিউটিক্যালস (ইউনানি) কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল দক্ষিণখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী কার্লো ফার্মাসিউটিক্যালসকে পাঁচ লাখÿ টাকা জরিমানা এবং অনাদায়ে কারখানার ব্যবস্থাপক মো. সোহেল আহম্মেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওষুধ তত্ত্বাবধায়ক মো. মনির উদ্দিন আহম্মেদ জানান, কার্লো ফার্মা জিরিয়ান পাউডার এবং জি ক্যালডি ট্যাবলেট অনুমোদন ছাড়াই প্রস্তুত ও বাজারজাত করে আসছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে উৎপাদিত ক্যাপসুল ইক্সটেসি, কার্লোরেক্স প্লাস, কার্লোভিট, কার্লিয়া ও গ্রিপো নামের ওষুধগুলোর অনুমোদন ছিল না।
এপিবিএন ৫-এর সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানাটি ছিল খুবই নোংরা এবং ওষুধ উৎপাদনের অনুপযোগী। প্রায় দুই সপ্তাহ আগে তাঁরা কারখানাটির খোঁজ পান। তথ্য যাচাই-বাছাই করে গতকাল তাঁরা অভিযানে যান। কর্মকর্তারা জানান, এ ধরনের আরও কারখানার খোঁজ তাঁরা পেয়েছেন। এসব কারখানায় অভিযান চালানো হবে।