দক্ষিণখানে পোশাক কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীর নিখোঁজ ও মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে দক্ষিণখান এলাকার একটি পোশাক কারখানায় ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সুজন নামের এক শ্রমিকের হত্যার গুজবকে কেন্দ্র করে গতকাল বেলা দুইটার দিকে চালাবন এলাকায় ১০ তলা ভবনের সিমকো ড্রেস লিমিটেড নামের পোশাক কারখানায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গত ২৩ জুন কারখানার পোশাক চুরি করার সময় সুজনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, কর্মকর্তারা সুজনকে মারধর করে হত্যা করেছে। এসআই মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকদের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে সুজনের কোনো খোঁজও মেলেনি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ব্যবস্থাপক আবদুর রশিদ, হিসাব কর্মকর্তা বেলাল উদ্দিনসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।