দক্ষিণখানে যুবক খুন
রাজধানীর দক্ষিণখানে মো. আরিফ (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটার দিকে স্থানীয় জামতলা মৎস্য মার্কেটের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের বাঁ পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত আরিফের বন্ধুবান্ধবদের কেউ তাঁকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। নিহত আরিফের বোন শাহনাজ আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্র জানায়, আরিফের বাঁ পাঁজরে গুলি লেগে ডান পাঁজর দিয়ে বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে। আরিফের মামা আসলাম মিয়া সাংবাদিকদের বলেন, আরিফ পেশায় গাড়িচালক ছিলেন। তিনি পরিবারের সঙ্গে জামতলার মুন্সি মার্কেটসংলগ্ন এলাকায় থাকতেন। গত শুক্রবার রাত নয়টার দিকে আরিফের এক বন্ধু তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। আরিফের বাবার নাম লেহাজ উদ্দিন। গতকাল সকাল আটটার দিকে রাজধানীর তেজগাঁও রেললাইন বস্তিসংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আসমা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।