দক্ষিণখানে রাস্তা চওড়া করতে বাড়িঘর ভাঙা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান ইউনিয়নের কয়েকটি এলাকায় রাস্তা চওড়া করার নামে রাস্তার পাশের দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ব্যক্তিমালিকানাধীন এসব স্থাপনা ভাঙার ক্ষেত্রে মালিকের সম্মতি পর্যন্ত নেওয়া হচ্ছে না।গতকাল মঙ্গলবার দক্ষিণখানের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আইনুছবাগ কলেজ রোড, আশকোনা মেডিকেল কলেজ রোড, আইনুছবাগ থেকে আশকোনা যাওয়ার রাস্তা, প্রেমবাগান এলাকা ও দক্ষিণখান থানার মোড় এলাকায় রাস্তার পাশে বেশ কয়েকটি স্থাপনা ভাঙা হচ্ছে। সেখানকার রাস্তাগুলো স্থানভেদে ১০ থেকে ১২ ফুট চওড়া।এলাকাবাসী জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ এসব রাস্তা ২০ ফুট চওড়া করার কাজ হাতে নিয়েছে। এ জন্য রাস্তার সংকীর্ণ অংশের পাশে থাকা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। ব্যক্তিমালিকানাধীন এসব স্থাপনা মালিকের অনুমতি ছাড়াই একরকম জোর করে ভাঙা হচ্ছে।এলাকাবাসী জানান, ১৫-২০ দিন আগে রাস্তা চওড়া করার এই কাজ শুরু হয়। এখন পর্যন্ত রাস্তার পাশের ১০-১২টি দোকানঘর ও আধা পাকা ভবন এবং ১০-১২টি পাকা ভবনের বাইরের দেয়াল ভাঙা হয়েছে। আগামী সপ্তাহে মিয়াপাড়া রোড ও আইনুছবাগ শাহি মসজিদ রোডের পাশের বিভিন্ন স্থাপনা ভাঙার পরিকল্পনা নিয়েছে ইউনিয়ন পরিষদ।গতকাল দক্ষিণখান থানার মোড় এলাকায় তিনটি দোকান ভাঙা হচ্ছিল। ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এলাকার উন্নয়নের নামে জোর করে স্থাপনা ভাঙছেন। চেয়ারম্যানের বিরোধিতা করে কোনো লাভ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘ওনার বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই।’ চেয়ারম্যানের ভয়ে কোনো ব্যক্তি এই প্রতিবেদকের কাছে নাম প্রকাশেও রাজি হননি।এলাকাবাসীর অভিযোগ, স্থাপনা ভাঙার আগে স্থাপনার মালিকদের কোনো লিখিত নোটিশ দেওয়া হচ্ছে না। চেয়ারম্যানের লোকজন তাৎক্ষণিকভাবে গিয়ে স্থাপনাগুলো ভাঙছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এর কোনো ক্ষতিপূরণও পাচ্ছেন না।গতকাল আশকোনা মেডিকেল কলেজ রোডের একটি ঘটনায় এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই রাস্তায় একটি ভবনের বাইরের দেয়াল ভাঙতে বাধা দেন কয়েকজন এলাকাবাসী। কিন্তু তাঁদের কথা না শুনেই শ্রমিকেরা দেয়াল ভাঙতে শুরু করেন।এ বিষয়ে জানতে চাইলে এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে দক্ষিণখান ইউপি চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, জোর করে কোনো স্থাপনা ভাঙা হচ্ছে না। এলাকাবাসীর সম্মতিতেই এই কাজ করা হচ্ছে। কেউ যদি তাঁর মালিকানাধীন স্থাপনা ভাঙতে না দেন, তবে সেখানে ভাঙা হচ্ছে না।রাস্তা চওড়া করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘সরকারের কোনো আগামাথা আছে নাকি যে অনুমতি নেব?’ তিনি বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা একসঙ্গে বসে রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়েছি।’