দক্ষিণখানে শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণখানে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে মৈশুরি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য গতকাল শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবারের অভিযোগ, শুক্রবার রাত ১১টার দিকে প্রতিবেশী সোহেল (৩২) তাদের বাসায় আসেন। এ সময় শিশুটির বাবা-মা বাসায় ছিলেন না। ওই শিশুর সঙ্গে ছিল তার ছোট ভাই। ছোট ভাইকে বাসায় রেখে সোহেল শিশুটিকে পাশের আরেকটি বাড়িতে নিয়ে যান। সেখানে ভয় দেখিয়ে সোহেল শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হলে সোহেলের পরিবারের পক্ষ থেকে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ওই শিশুর পরিবারের সদস্যদের থানায় যেতেও বাধা দেওয়া হয়। কিন্তু এলাকার লোকজন বিক্ষোভ শুরু করলে পুলিশ ওই এলাকায় আসে এবং শিশুটিকে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার চন্দ্র বলেন, ঘটনার রাতে শিশুটির বাবা তাদের গ্রামের বাড়িতে ও তার মা স্থানীয় একটি বিয়েবাড়িতে ছিলেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন। সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে। পেশায় গাড়িচালক সোহেলের স্ত্রী ও দুটি সন্তান আছে বলে ওসি জানিয়েছেন।