
দখল, উচ্ছেদ, আবার দখল। এই চক্রে পড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ কার্যক্রম। গুলশান ও ধানমন্ডির বেশ কিছু এলাকা ঘুরে গতকাল মঙ্গলবার এমন চিত্র দেখা গেছে।
সর্বশেষ ১৮ জানুয়ারি রাজউক বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করে, চলে ২৫ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের অভিযান শুরু হবে ৩১ জানুয়ারি। দখল, উচ্ছেদ, দখল—এমন ঘটনা কেবল চলতি অভিযানের ক্ষেত্রেই নয়, আগেও ঘটেছে। এর ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের পক্ষ থেকে কিছুদিন পরপর অভিযান চালানো হলেও কার্যত পরিস্থিতির কোনো বদল হয় না।
রাজউকের কর্মকর্তারা বলছেন, এ ক্ষেত্রে উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট এলাকার অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকদের তৎপরতায় ঘাটতি রয়েছে। এ ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থের বিনিময়ে তাঁদের ‘ম্যানেজ’ করার অভিযোগও রয়েছে।
১৮ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় ভবনের বেসমেন্ট (ভূতল) ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে একযোগে অভিযান শুরু করে রাজউকের তিনটি বিশেষ দল।
অভিযানের তৃতীয় দিনে (২০ জানুয়ারি) ধানমন্ডির চিলিস নামের একটি রেস্তোরাঁর বেসমেন্টে গড়ে ওঠা একটি অফিস কক্ষ, গুদাম ও ভবনের সামনের অংশ থেকে দোতলায় ওঠার একটি সিঁড়ি ভেঙে দেওয়া হয়।
গতকাল ওই রেস্তোরাঁর সামনে গিয়ে দেখা যায়, ভেঙে দেওয়া সিঁড়িটি সংস্কারের কাজ চলছে। বেসমেন্টের যে অংশে গুদাম ছিল, সেখানে কয়েকটি গাড়ি পার্ক করা রয়েছে। আর অফিস কক্ষের জায়গাটিই এখন গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. সাজ্জাদ আলী খান এই প্রতিবেদককে বলেন, ‘দয়া করে এটি নিয়ে কিছু লিখবেন না।’
ওই অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য সময়ে অল্প কয়েক দিনের জন্য অভিযান চলে। যে কারণে উচ্ছেদ হওয়া জায়গা আবার দখল হলেও আমাদের কিছু করার থাকে না। কিন্তু এ দফায় যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেটা দীর্ঘমেয়াদি। তাই এবার আমরা বিষয়টির দিকে আলাদা নজর দেব।’
ভবন মালিক কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থের বিনিময়ে অভিযান প্রভাবিত করার অভিযোগের বিষয়ে শফিউল হান্নান বলেন, ‘এটা মানুষের ধারণা। সব অভিযানের পুরো প্রক্রিয়া ঘটে প্রকাশ্যে। এমন অভিযোগের ভিত্তি নেই।’
গুলশানের ৩ নম্বর সড়কের একটি ভবনের (এসডব্লিউজি-৯ এ) গাড়ি ওঠানামার পথ বা র্যাম্প নির্ধারিত সীমা ছাড়িয়ে রাস্তায় চলে এসেছিল। অভিযানের দ্বিতীয় দিনে (১৯ জানুয়ারি) তা গঁুড়িয়ে দেওয়া হয়। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, র্যাম্পটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য ভবনের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

প্রথম পর্বের অভিযানের শেষ দিন সোমবার মিরপুর সড়কের ধানমন্ডি বয়েজ স্কুলের উল্টো পাশের ফুটপাতের ওপর বেশ কয়েকটি দোকানের বর্ধিত অংশ ভেঙে দেয় রাজউক। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, দোকান মালিকেরা আবার সেই অংশে তাঁদের পসরা সাজিয়ে বসেছেন।
উচ্ছেদ হওয়া জায়গাগুলো আবার দখল হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তা পর্যবেক্ষণের ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে। ইমারত পরিদর্শকের স্বল্পতা এর একটি কারণ। তবে চলমান অভিযানে আগে উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর ব্যাপারেও নজর রাখার বিষয়ে নির্দেশ দেওয়া আছে।’
আসমাউল হোসেন আরও বলেন, ‘কয়েক মাস আগের একটি অভিযানে শংকরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসের বেসমেন্ট থেকে ক্যাফেটেরিয়া, ল্যাবসহ কয়েকটি স্থাপনা আমরা সরিয়ে নিতে বলেছিলাম। তারা এখন পর্যন্ত সেটা সরায়নি। এভাবে মানবিক দিক বিবেচনায় অনেক ভবন মালিককে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হলেও পরে তাঁরা সেটা করেন না।’
তবে ভবনের বেসমেন্টে অবৈধ স্থাপনা চিহ্নিত করে সে অনুসারে ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকদের বিরুদ্ধে অভিযোগও রয়েছে। রাজউকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা (অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শক) অর্থ নিচ্ছেন। কিন্তু যাঁরা অর্থ দিচ্ছেন এটা তো তাঁদেরও নৈতিকতার প্রশ্ন।
১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ উচ্ছেদ অভিযানের জন্য আটটি জোনে সাড়ে তিন হাজারের বেশি ভবন চিহ্নিত করেছে রাজউক। এর মধ্যে গত সোমবার শেষ হওয়া প্রথম পর্বের অভিযানে দুই শর বেশি ভবনে উচ্ছেদ চালানো হয়েছে।