পুরান ঢাকার লালবাগের আমলিগোলা পাইপ কারখানাসংলগ্ন বালুঘাট ঈদগাহ ও খেলার মাঠটি অবশেষে অবৈধ দখলমুক্ত হলো। গতকাল রোববার ঢাকা জেলা প্রশাসন মাঠের অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে। স্থানীয় লোকজন আশা করছে, কিছুদিনের মধ্যেই এ মাঠে খেলাধুলার পরিবেশ ফিরে আসবে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ সাহা রোডের ওই মাঠটি ২০০৩ সাল থেকেই বেদখল হয়েছিল। জেলা প্রশাসন সূত্র জানায়, ৭০ শতক আয়তনের মাঠটির ৬৮ শতাংশই দখল হয়েছিল। সেখানে গড়ে উঠেছিল পাকা-আধপাকা ৫৫টি কক্ষ। স্থানীয় জনগণ এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দীর্ঘদিন থেকে মাঠটি দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিল।মাঠটি দখলমুক্ত করতে কয়েক মাস আগে জাতীয় দলের সাবেক ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি রিয়াজ উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আদালত বিষয়টি জানতে ঢাকা জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মাঠটি অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি জেলা প্রশাসনের এক সভায় ওই মাঠ থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত হয়।সেই অনুযায়ী গতকাল রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীনের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। পুলিশের উপস্থিতিতে মাঠে নামে সিটি করপোরেশনের বুলডোজার। অন্যান্য উচ্ছেদ অভিযানের চেয়ে আমলিগোলায় অভিযানের চিত্র ছিল ভিন্ন। কোনো ধরনের বাধা দেওয়া তো দূরের কথা, উল্টো পালিয়েছেন অবৈধ দখলদারেরা। স্থানীয় শত শত লোক ভিড় জমিয়েছিল মাঠ এবং চারপাশের বাড়ির ছাদ ও দেয়ালে। বুলডোজারের আঘাতে একেকটি স্থাপনা ভাঙা হয় আর উল্লাস প্রকাশ করে সবাই। মুহূর্মুহু করতালিতে কেঁপে ওঠে চারদিক।অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকা শহরে অনেক উচ্ছেদ অভিযান চালিয়েছি, কিন্তু কোথাও এ ধরনের সমর্থন পাইনি। বাধা দূরের কথা, হাজার হাজার মানুষের সহায়তা পেয়েছি। তাদের সহায়তায় মাঠটি অবৈধ দখলমুক্ত করে খেলার মাঠ হিসেবে স্থানীয় লোকজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, মাঠে ৫৫টি পাকা ও আধপাকা ঘর তুলে ভাড়া দিয়েছিলেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি।জাতীয় দালের সাবেক ফুটবলার রিয়াজ উদ্দিনের শৈশব-কৈশোর কেটেছে আমলিগোলার এ মাঠে ফুটবল খেলে। তিনি প্রথম আলোকে বলেন, জনগণের ঢলে ভূমিদস্যুরা ভেসে গেছে। স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। তিনি এটিকে সাধারণ মানুষের সাফল্য দাবি করে বলেন, এ জন্য পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত রিয়াজ এবং স্থানীয় বেশ কিছু মানুষ সময় কাটিয়েছে ওই মাঠে। কীভাবে মাঠের পরিবেশ ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা করছিল তারা। রিয়াজ বলেন, তাঁরা আশা করছেন, কয়েক দিনের মধ্যে মাঠে খেলার পরিবেশ সৃষ্টি হবে। তিনি এ মাঠটির মতো অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঢাকা শহরের অন্য খেলার মাঠগুলোও দখলমুক্ত করার দাবি জানান।