দখলের কারণে পুরান ঢাকায় ১৮টি পুরাকীর্তির অবস্থা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার রূপলাল হাউস এখন আদা-রসুন-পেঁয়াজের পাইকারি বাজার। আহসান মঞ্জিলের একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট। আরমানিটোলা ময়দানে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা। আর লালবাগ কেল্লার পশ্চিম পাশের একাংশ দখল করে এক দখলদার তো বাড়িই করে ফেলেছেন।এভাবেই দখল হয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, পুরান ঢাকায় ২৪টি পুরাকীর্তি রয়েছে। পরিবেশবাদী কয়েকটি সংগঠনের অভিযোগ, দখলের কারণে বর্তমানে এর মধ্যে ১৮টির অবস্থাই নাজুক।গতকাল শনিবার রাজধানীর লালবাগ কেল্লার সামনে এক ঘুড়ি উৎসবে সংগঠনগুলোর নেতারা পুরান ঢাকার স্থাপনাগুলো বিলুপ্তির আশঙ্কাও করেন। ঘুড়ি উৎসবের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ঘুড়ি উৎসব ও পুরাতন ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম।পরিবেশবাদী সংগঠনের নেতারা বলেন, পুরান ঢাকার পুরোটাই একটি প্রত্নতাত্ত্বিক শহর। এখানকার অলিগলিতে অনেক ছোট-বড় ঐতিহ্য অবহেলায় পড়ে আছে। ইতিমধ্যে অনেক স্থাপনা যেমন বিলুপ্ত হয়ে গেছে, তেমনি দখল হয়ে গেছে এসব স্থাপনার মাঠ ও বাগান।নেতারা বলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দুটি বড় ডাস্টবিন তৈরি করে লালবাগ কেল্লার দক্ষিণ দিকের দেয়াল নষ্ট করে ফেলেছে। জেলা পরিষদ ভবনের জায়গায় ২০ তলাবিশিষ্ট মার্কেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহাদুর শাহ পার্কের অবস্থা শোচনীয়। অনেক মোগল ও ব্রিটিশ পুরাকীর্তিরই সীমানাদেয়াল নেই। এ কারণে সরকারসমর্থক লোকজন বিভিন্ন সময় পুরাকীর্তির বিভিন্ন অংশ দখল করে নিয়েছে।বক্তারা বলেন, সংবিধানে বলা আছে, ‘ঐতিহাসিক স্মৃতি, নিদর্শন, বস্তু বা স্থানগুলো বিনাশ বা দখল থেকে রক্ষার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে।’ অথচ কোনো সরকারের সময়েই এসব পুরাকীর্তি রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের প্রত্নসম্পদ বিভাগও এ ব্যাপারে নীরব। বক্তারা স্থাপনা রক্ষায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ, প্রত্নতাত্ত্বিক বিভাগের সংকট নিরসন ও প্রতিষ্ঠানটির দুর্নীতি বন্ধের দাবি জানান বক্তারা।বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাপার যুগ্ম সম্পাদক বজলুল হক প্রমুখ বক্তব্য দেন।