দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে জুতার আঠা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক শ্রমিক মারা গেছেন। তাঁর নাম বিশু মিয়া (২৮)। বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।এ নিয়ে যাত্রাবাড়ীর লিলি কেমিক্যাল কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন মারা গেলেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিহত বিশুর বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি এক মাস আগে যাত্রাবাড়ীতে লিলি কেমিক্যাল কারখানায় শ্রমিক হিসেবে যোগ দেন এবং কারখানার ভেতরে থাকতেন।বার্ন ইউনিটের অধ্যাপক শহিদুল বারি জানান, বিশুর শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ৬ অক্টোবর বিকেলে লিলি কেমিক্যাল কারখানায় আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চারজন মারা যান।কারখানা-মালিকের আত্মসমর্পণ: এদিকে এই আগুনের ঘটনায় মামলা হওয়ার নয় দিনের মাথায় লিলি কেমিক্যালের মালিক এ কে এম সেলিম গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, আত্মসমর্পণের পর সেলিমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তিনি জানান, সেলিম ও ওই কারখানার ব্যবস্থাপক সোলেমানসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন ওই অগ্নিকাণ্ডে নিহত একজনের আত্মীয়। মামলার এজাহারে বলা হয়, বিপজ্জনকভাবে কারখানাটি চালানো হচ্ছিল। কারখানার মালিকের অবহেলার কারণেই ওই আগুনের ঘটনা এবং শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটেছে।অভিযোগ রয়েছে, লিলি কেমিক্যাল কোম্পানি নামের এই কারখানাটির কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। তদন্ত প্রতিবেদন: যাত্রাবাড়ীর এই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাসকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ভরত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, অসতর্কতা ও অসাবধানতার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে, পাত্রে রাখা বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যে তাপ দিয়ে ওই কারখানায় জুতার আঠা তৈরি করা হতো। ওই দিন রাসায়নিকে তাপ দিতে হিটারগানের প্লাগ লাগানো হচ্ছিল। তখন বৈদ্যুতিক সুইচ থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। তদন্ত প্রতিবেদনে জুতার আঠা তৈরির কারখানার মালিকদের আরও সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে সুপারিশ করা হয়।