দগ্ধ চিকিৎসক অদিতির মৃত্যু
আগুনে দগ্ধ চিকিৎসক অদিতি সরকার (৩৮) আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান অদিতি। ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন এসব তথ্য জানান।
গত শুক্রবার আগুনে দগ্ধ হয়ে এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন অদিতি। তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন অদিতি। চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে এমন কথা বলেছেন।
অদিতি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নবজাতক বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি স্বামী মানস মণ্ডল ও দুই সন্তান নিয়ে ওয়ারীর হেয়ার স্ট্রিটের একটি বাসায় থাকতেন। মানস মণ্ডল পেশায় প্রকৌশলী।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ওয়ারীর বাসায় অদিতি দগ্ধ হন। তিনি তাঁর শরীরে দাহ্যজাতীয় তরল ঢালেন। পরে শরীরে আগুন ধরিয়ে দেন। দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর অদিতির স্বামী মানস মণ্ডল বলেছিলেন, শুক্রবার দুপুরে তিনি বাসায় ফেরেন। জামাকাপড় পাল্টানোর সময় পাশের কক্ষে স্ত্রী অদিতির চিৎকার শোনেন।
গিয়ে দেখেন, অদিতির শরীরে আগুন জ্বলছে। বাথরুমে নিয়ে স্ত্রীর শরীরে পানি ঢেলে আগুন নেভানো হয়। পরে ৯৯৯ নম্বরে কল করে অ্যাম্বুলেন্স ডেকে অদিতিকে হাসপাতালে নিয়ে যান।