দগ্ধ মা–বাবার পর মেয়েও মারা গেল
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ মা–বাবার পর মেয়েও মারা গেছে।
আজ মঙ্গলবার সকাল সাতটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়ে।
মারা যাওয়া মেয়ের নাম ফাতেমা (২)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন জানান, ফাতেমার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গতকাল সোমবার ভোর পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমার মা জেয়াসমিন আক্তার (২৫)। সকাল আটটায় মারা যান বাবা আবদুল করিম (৩০)।
আগুনে করিমের শরীরের ৫৪ শতাংশ ও তাঁর স্ত্রী জেয়াসমিনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত বৃহস্পতিবার ভোররাতে যাত্রাবাড়ীর বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে শিশুসন্তানসহ জেয়াসমিন-করিম দম্পতি দগ্ধ হন। পরে তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জেয়াসমিনের বড় ভাই সুরুজ রানা জানান, চারতলা বাড়ির নিচতলায় সন্তানসহ থাকতেন জেয়াসমিন-করিম দম্পতি। ভোররাতে জেয়াসমিন সাহ্রি তৈরি করতে ওঠেন। রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়। এতে পরিবারটির তিন সদস্য দগ্ধ হয়।
জেয়াসমিন-করিম দম্পতির গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বোনকোলা রাঘবপুর গ্রামে। এই দম্পতির একমাত্র মেয়ে ছিল ফাতেমা।