দগ্ধ শিশু গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আগুনে দগ্ধ ১০ বছর বয়সী শিশু গৃহকর্মী জবা আক্তার মারা গেছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জবার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

জবার লাশ বার্ন ইউনিটের জরুরি বিভাগের মর্গে রয়েছে। স্বজনেরা এলে লাশ হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সিদ্ধেশ্বরীর ১০ তলা একটি ভবনের অষ্টম তলায় আগুনে পুড়ে দগ্ধ হয় জবা। তাকে গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জবা বগুড়ার সোনাতলার আটপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে সিদ্ধেশ্বরীতে কল্লোল নামের এক গৃহকর্তার বাড়িতে কাজ করত।