দন্তচিকিৎসক রূপা হত্যার নেপথ্যে বর্ণবৈষম্য
ছেলের বউ নিম্নবর্ণের হিন্দু। তাই তাঁর হাতের রান্না খেতেন না শাশুড়ি। এ নিয়ে বিভিন্ন সময় মানসিক নির্যাতনের শিকার হয়েছেন রূপা রানী সরকার (২৫)। এরই জের ধরে তিনি খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।রাজধানীর সূত্রাপুরের জাস্টিস লালমোহন দাস লেনে ভাড়া বাসায় ১৮ আগস্ট খুন হন দন্তচিকিৎসক রূপা রানী।পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর দেখা যায়, রূপার গলায় ফাঁসের চিহ্ন ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরে মারধরের চিহ্ন রয়েছে।এই ঘটনায় রূপার বোন শেফালী রানী সরকার বাদী হয়ে থানায় মামলা করেন। তাতে রূপার স্বামী নারায়ণগঞ্জ ক্লাবের সুপারভাইজার সাগর চন্দ্র দে, দেবর সুমন চন্দ্র দে ও শাশুড়ি মায়া রানীকে আসামি করা হয়। এই তিনজনকে গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। এরপর তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।মামলাটির তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক কাজী আবুল কালাম প্রথম আলোকে বলেন, শ্বশুর-শাশুড়ি, দেবর, স্বামী ও আড়াই বছরের মেয়েকে নিয়ে লালমোহন দাস লেনের একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন রূপা। ঘটনার পর পুলিশ ওই বাসায় গিয়ে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পায়। রূপার শাশুড়ি ও দেবর তখন পুলিশকে বলেছিলেন, বাসায় ডাকাতি হয়েছে, অনেক অলংকার পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে পুলিশ তল্লাশি চালিয়ে ওই বাসারই একটি কক্ষে সবগুলো স্বর্ণালংকার পায়। তদন্ত কর্মকর্তা বলেন, ওই বাসার রান্নাঘরের বঁটি দিয়েই রূপার পিঠে কোপ দেওয়া হয়। এটা ডাকাতির ঘটনা হলে ডাকাতেরা নিশ্চয় অস্ত্র নিয়ে আসত। বাসার বঁটি ব্যবহার করত না। এ ছাড়া নিচতলা বাসাটির দরজাটা এমন, ভেতর থেকে দেখা যায় বাইরে কে আছে। এ ছাড়া আরও কতগুলো বিষয়ে রূপার শ্বশুরপক্ষের লোকজনের কথা অসংলগ্ন মনে হয়েছে।পুলিশ সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রূপার স্বামী সাগর পুলিশকে বলেছেন, ২০০৭ সালে দন্তচিকিৎসা বিষয়ে ডিপ্লোমা পড়ার সময় রূপার সঙ্গে তাঁর পরিচয়, প্রেম ও বিয়ে হয়। কিন্তু রূপা নিম্নবর্ণের নমঃশূদ্র ও তাঁরা (সাগরের পরিবার) কায়স্থ। তাই সাগরের মা-বাবা প্রথমদিকে রূপার প্রতি বিরূপ ছিলেন। পরে সব ঠিক হয়ে যায় বলে দাবি করেন সাগর।তদন্ত কর্মকর্তা কাজী আবুল কালাম বলেন, রূপার পরিবার, প্রতিবেশী ও অন্য স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপা নিম্নবর্ণের হওয়ায় সাগরের পরিবার তাঁকে কখনো মেনে নিতে পারেনি। প্রায়ই রূপাকে নানাভাবে নির্যাতন করা হতো। রূপার হাতের রান্নাও খেতেন না তাঁর শাশুড়ি। এরই জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য-উপাত্তগুলো থেকে এমন ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আরও দু-একজনের নাম বেরিয়ে এসেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।