মিরপুরের দেওয়ান জুয়েলার্সের চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। তাঁদের একজনের কাছ থেকে গত শুক্রবার দোকানের চুরি হওয়া আরও ১১৬ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গত শুক্রবার ডিবির একটি দল গোপন খবরের ভিত্তিতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর কাছ থেকে ১১৬ ভরি সোনা উদ্ধার করা হয়।ডিবির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সুলাইমান জানান, জিজ্ঞাসাবাদে সাজেদা আক্তার স্বীকার করেন, স্বামী কালাম তিন সহযোগী আলম, আমির আলী ও আব্বাস আলীকে নিয়ে ২৪ এপ্রিল মিরপুর ১ নম্বরে দেওয়ান জুয়েলার্সে চুরি করেন। কালামের নির্দেশ পেয়েই তিনি চুরি করা ১১৬ ভরি সোনা নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। এর আগে ডিবি গত বুধবার নারায়ণগঞ্জের এক হোটেলে অভিযান চালিয়ে চোর দলের নেতা কালামকে গ্রেপ্তার করে। এদিকে গ্রেপ্তার হওয়া আব্বাস আলী চুরির সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।