দরকার ৭৯ জন, চলছে ৩৯ শিক্ষক দিয়ে
শিক্ষক-সংকটের মধ্য দিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন চার বিভাগের শিক্ষা কার্যক্রম। বিভাগগুলোর এক হাজার ৯৯৯ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক থাকার কথা ৭৯ জন। কিন্তু আছেন মাত্র ৩৯ জন।বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি ২৫ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। তবে বর্তমানে বিভাগগুলোতে ৫১ জন শিক্ষার্থীর জন্য আছেন একজন শিক্ষক। তার ওপর শিক্ষকদের অনেকেই আছেন ছুটিতে। ফলে অনেক সময়ই ক্লাস হয় না।কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই দেখছি শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নেন না। পর্যাপ্ত ক্লাস না নিয়েই আমাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষা দিয়ে পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে গেলেও আমরা আসলে কিছুই শিখতে পারছি না।’ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং—এ চারটি বিভাগ ছিল। তবে শিক্ষার্থীদের আরও কিছু ক্ষেত্রে বিশেষায়িত ডিগ্রি দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে ব্যাংকিং বিভাগ চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের বছর চালু করা হয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ। ২০০৭ সালে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস নামে আরও দুটি বিভাগ চালু করা হয়।ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকিং বিভাগে এখন শিক্ষার্থীর সংখ্যা ৮৭৩ জন। এখানে শিক্ষক থাকার কথা ৩৪ জন। কিন্তু আছেন ১৩ জন। তাঁদের মধ্যে তিনজনই ছুটিতে।ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪০৪ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ১১ জন। অথচ থাকার কথা ১৬ জন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৩৪৩ জন শিক্ষার্থীর জন্য থাকার কথা ১৪ জন শিক্ষক। কিন্তু আছেন মাত্র আটজন। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ৩৭৯ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন সাতজন। তাঁদের মধ্যে দুজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ এখানে শিক্ষক থাকার কথা ১৫ জন।শিক্ষার্থীরা জানান, এই বিভাগগুলোতে অনেক আশা নিয়ে মেধাবীরা ভর্তি হয়েছিলেন। কিন্তু ভর্তির পরই শিক্ষক-সংকট, ক্লাস কম হওয়া, প্রয়োজনের সময় শিক্ষকদের কাছে না পাওয়া, পরীক্ষার আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে না পারাসহ নানা সমস্যায় পড়েন শিক্ষার্থীরা।খোঁজ নিয়ে জানা যায়, নতুন চার বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ব্যাংকিং বিভাগে। এখানে মাত্র ১০ জন শিক্ষক ৮৭৩ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করছেন। এত কম শিক্ষক নিয়ে বিভাগের শিক্ষা কার্যক্রম কীভাবে চালাচ্ছেন জানতে চাইলে চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা খুব চাপের মধ্যে ক্লাস নিচ্ছেন। একজন শিক্ষকের পক্ষে এত ক্লাস নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, নতুন বিভাগ চালু হলে তাতে শিক্ষকস্বল্পতা থাকে। তিনি বলেন, সিন্ডিকেট নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই শিক্ষক নির্বাচন কমিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে বিভিন্ন বিভাগের কয়েকটি বিজ্ঞাপন থাকলেও কমিটি কাজ করতে পারেনি। তবে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটি হয়ে গেলে বিজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে।